ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক নির্বাহীকে গুলি করে হত্যার ঘটনায় তার শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭৭ বছর বয়সী ওই দম্পতির বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত জোনাথন ম্যাককিনসির বয়স ৪০ বছর। তিনি নিউইয়র্ক টাইমসের গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের প্রকৌশল শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সময় শনিবার বিকেলে সানফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডের বাইরের একটি পার্কিং এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় জোনাথনকে পাওয়া যায়। তার শরীরে একাধিক গুলির আঘাত ছিল। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম কেজিও-টিভিকে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পরপর কয়েকটি গুলির শব্দ শুনেছিলেন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে গিয়ে জোনাথনকে মাটিতে পড়ে থাকতে দেখেন তারা।

আসাদ রাজাওয়ি নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি জোনাথনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন। তার মাথা ও বুক রক্তাক্ত ছিল বলে জানান তিনি।

আসাদের মেয়ে দাবি করেন, গুলি চালানোর পর সন্দেহভাজন ওই দম্পতিকে স্বাভাবিকভাবে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া এক পুলিশ কর্মকর্তা ওই দম্পতিকে আটক করেন। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র, চরম অবহেলার সঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি ছোড়া এবং শিশুকে বিপদের মধ্যে ফেলার অভিযোগ আনা হয়েছে।

তবে জোনাথন ম্যাককিনসিকে হত্যার পেছনে কী কারণ ছিল বা হত্যাকাণ্ডের সম্ভাব্য উদ্দেশ্য কী—এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

আগামী বুধবার অভিযুক্ত দুজনকে আদালতে আনুষ্ঠানিকভাবে হাজির করার কথা রয়েছে। মামলার পরবর্তী কার্যক্রমে হত্যার কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি সম্পর্কে আরো তথ্য সামনে আসতে পারে।

সূত্র: বিবিসি

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন