বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এ বৈঠকে পারমাণবিক অস্ত্র, ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক নিরাপত্তা ও বৈশ্বিক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিন নেতা। তবে গুরুত্বপূর্ণ এসব ইস্যুতে বড় কোনো অগ্রগতি কিংবা সুনির্দিষ্ট সমঝোতার ঘোষণা আসেনি।
বৈঠক শেষে চীন ও রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত যৌথ ‘শান্তি ঘোষণা’তে জাতিসংঘ সংস্কার, জ্বালানি সরবরাহ বাড়ানো, পারমাণবিক ঝুঁকি কমানো এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এখতিয়ার নিয়ে অবস্থান তুলে ধরা হয়। তবে ইউক্রেন ও ইরান যুদ্ধের বিষয়ে ঘোষণায় কোনো উল্লেখ ছিল না। বৈঠকটির পাঁচটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
১. তিন নেতার ঐতিহাসিক বৈঠক, ট্রাম্পের কূটনৈতিক প্রদর্শনী
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার বর্তমান রাষ্ট্রপ্রধানদের মধ্যে এ ধরনের ত্রিপক্ষীয় বৈঠক এই প্রথম। বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, ‘আমরা সত্যিই ইতিহাস তৈরি করছি।’
বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তির নেতাদের একসঙ্গে বসার ঘটনাকে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য বিরোধ এবং ইরান সংঘাতের মতো ইস্যুতে দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও এ বৈঠক সহযোগিতার একটি বিরল দৃশ্য তৈরি করেছে।
ট্রাম্পের বক্তব্য, পারমাণবিক অস্ত্রের মজুত কমানো এবং এ ধরনের অস্ত্র ব্যবহারের ঝুঁকি হ্রাসে আলোচনার জন্য তিন দেশ বিশেষভাবে উপযুক্ত অবস্থানে রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, বৈঠকটির গুরুত্ব বাস্তব সমঝোতার চেয়ে কূটনৈতিক প্রতীকী উপস্থিতি ও রাজনৈতিক বার্তার মধ্যে বেশি সীমাবদ্ধ ছিল।
২. পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আলোচনা, চুক্তি হয়নি
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট গত ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়ায় দুই দেশের পারমাণবিক অস্ত্রের মজুতের ওপর দীর্ঘদিনের সীমাবদ্ধতা উঠে গেছে।
ট্রাম্প চেয়েছেন, ভবিষ্যতে নতুন কোনো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করা হোক। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের মজুত অনেক কম হওয়ায় এ ধরনের চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে বেইজিংয়ের আগ্রহ সীমিত।
বৈঠকে শি জিনপিং পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ ও ধ্বংস করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। যৌথ ঘোষণায় তিন নেতা একমত হন, ‘পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এ ধরনের যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়।’
তবে নতুন কোনো অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বা নির্দিষ্ট সময়সীমার ঘোষণা আসেনি। পারমাণবিক ঝুঁকি কমানো এবং অস্ত্রের বিস্তার ঠেকাতে আলোচনার প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থেকেছেন তারা।
৩. আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে অভিন্ন অবস্থান
বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ঘিরে তিন দেশের অবস্থান। ট্রাম্প আদালতটিকে ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়ে এর এখতিয়ার নিয়ে সমালোচনা করেন।
এ বক্তব্যের বিশেষ তাৎপর্য রয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের ক্ষেত্রে। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৩ সালের মার্চে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। ইউক্রেনের দখলকৃত অঞ্চল থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় স্থানান্তরের অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়।
যৌথ ঘোষণায় বলা হয়েছে, রাষ্ট্রীয় সম্মতি ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অপরাধ আদালত এবং এ ধরনের অন্যান্য প্রতিষ্ঠানকে নিজেদের এখতিয়ার অপব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
বিশ্লেষকদের মতে, এ অবস্থান আইসিসির বিচারিক ক্ষমতা ও পুতিনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আইনি ভিত্তিকে চ্যালেঞ্জ করার প্রচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে।
৪. ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হলেও ঘোষণায় নেই কোনো উল্লেখ
বৈঠকে ইউক্রেন যুদ্ধের বিষয়টি আলোচনায় এলেও যৌথ শান্তি ঘোষণায় এ সংঘাতের কোনো উল্লেখ রাখা হয়নি। ফলে যুদ্ধ বন্ধে নতুন কোনো উদ্যোগ কিংবা সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি। পুতিন বলেন, আন্তর্জাতিক সংঘাত নিরসনে তিন দেশের মধ্যে অনেক অভিন্ন স্বার্থ রয়েছে। তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তিন নেতার যৌথ দায়িত্বের কথাও তুলে ধরেন।
তবে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে কিয়েভ ও ইউরোপীয় দেশগুলোকে বাদ দিয়ে কোনো সমঝোতার আশঙ্কা আগে থেকেই ছিল। বৈঠকের আগে ইউক্রেন ও ইউরোপের বিভিন্ন দেশ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।
গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, চীনের ইউরোপের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ হওয়ায় বেইজিং ইউক্রেন যুদ্ধের বিষয়ে এমন কোনো উদ্যোগ নিতে চায়নি, যা ইউরোপের সঙ্গে তাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এদিকে বৈঠকের আগে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, এ হামলার মাধ্যমে কিয়েভ বার্তা দিয়েছে, ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের অংশগ্রহণ ছাড়া এ যুদ্ধের সমাধান সম্ভব নয়।
৫. জ্বালানি সরবরাহ বাড়ানো ও জাতিসংঘ সংস্কারে ঐকমত্য
বৈঠক শেষে প্রকাশিত যৌথ ঘোষণায় জাতিসংঘের সংস্কার এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ঘোষণায় বলা হয়েছে, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখতে জাতিসংঘের সংস্কার প্রয়োজন। পাশাপাশি সব দেশের স্বার্থে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তিন দেশের।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া তিন দেশই ভেটো ক্ষমতার অধিকারী। এ দেশগুলো দীর্ঘদিন ধরে জাতিসংঘের কাঠামোতে সংস্কার এবং এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে কথা বলে আসছে।
অন্যদিকে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে অস্থিরতা এবং জ্বালানি সরবরাহে বিঘ্নের প্রেক্ষাপটে তেল ও পরিশোধিত জ্বালানির সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা কিংবা বাস্তবায়নের সময়সীমা ঘোষণা করা হয়নি।
বৈঠকে কার লাভ বেশি?
বিশ্লেষকদের মতে, তিন নেতার মধ্যে সবচেয়ে বেশি কূটনৈতিক সুবিধা পেয়েছেন পুতিন। ইউক্রেন যুদ্ধের কারণে ২০২২ সালের পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই বিচ্ছিন্ন ছিলেন তিনি। কিন্তু বিশ্বের দুই প্রভাবশালী নেতার সঙ্গে একই টেবিলে বসে বৈঠক এবং যৌথ ঘোষণায় অংশ নেওয়া তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও বৈঠকের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে বেইজিংয়ের প্রভাব ও কূটনৈতিক সক্ষমতা তুলে ধরতে পেরেছেন। বৈঠকটি আয়োজনের মাধ্যমে চীন নিজেকে বৈশ্বিক আলোচনার অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেছে।
অন্যদিকে ট্রাম্পের জন্য এটি ছিল পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ। তবে ইরান ও ইউক্রেন যুদ্ধের বিষয়ে কোনো কার্যকর সমঝোতা না হওয়ায় তাঁর কূটনৈতিক সাফল্য সীমিত থেকেছে।
পারস্পরিক সম্পর্কের নতুন চিত্র
শেনজেনের এ বৈঠক বিশ্ব রাজনীতিতে তিন পরাশক্তির প্রভাব ও পারস্পরিক সম্পর্কের নতুন চিত্র তুলে ধরেছে। তবে আন্তর্জাতিক সংঘাতের সমাধান কিংবা বড় কোনো বৈশ্বিক সংকট নিরসনে তিন নেতার একসঙ্গে বসাই যথেষ্ট নয়—মাঠপর্যায়ের বাস্তবতা এবং সংশ্লিষ্ট অন্য দেশগুলোর অংশগ্রহণও যে অপরিহার্য, বৈঠকের ফলাফল সেই বার্তাই দিয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স, রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও লিবার্টি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


