এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে
ছবি: রয়টার্স

চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা গেল রহস্যময় কালো রঙের একটি ব্রিফকেস। রুশ নৌবাহিনীর এক কর্মকর্তার হাতে থাকা ব্রিফকেসটিকে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদক ‘পারমাণবিক ব্রিফকেস’ বলে পরিচয় করিয়ে দেন। রাশিয়ায় এটি ‘চেগেট’ নামে পরিচিত। এই ব্রিফকেসের মাধ্যমে পুতিন দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে পারেন। তবে এটি দিয়ে সরাসরি পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায় না।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টেরও একই ধরনের একটি ব্রিফকেস রয়েছে। সেটি ‘নিউক্লিয়ার ফুটবল’ নামে পরিচিত। সাধারণত প্রেসিডেন্টের সঙ্গে এটি ভ্রমণ করে। তবে শেনঝেনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এমন কোনো ব্রিফকেস দেখা যায়নি। অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এ ধরনের কোনো ব্রিফকেস থাকে কি না, তা জানা যায়নি।

পারমাণবিক ব্রিফকেস কি কেবল সামরিক শক্তি প্রদর্শনের প্রতীক, নাকি এর মাধ্যমে নেতারা মুহূর্তের মধ্যে পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন? এ নিয়ে কৌতূহল রয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে।

পারমাণবিক ব্রিফকেস কী

পারমাণবিক ব্রিফকেস বিশেষ প্রযুক্তিতে তৈরি একটি বহনযোগ্য কেস। এটি সামরিক কমান্ডব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে। এর মাধ্যমে কোনো দেশের নেতা পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন।

স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এ ধরনের ব্যবস্থা গড়ে তোলে। ওই সময় দুই পরাশক্তির নেতাদের খুব অল্প সময়ের নোটিশে পারমাণবিক হামলার সিদ্ধান্ত নিতে হতে পারে—এমন আশঙ্কা ছিল। সেই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত ও নির্দেশ দেওয়ার ব্যবস্থা হিসেবে পারমাণবিক ব্রিফকেসের প্রচলন হয়।

তবে ব্রিফকেসের ভেতরে একটি লাল বোতাম থাকে, আর নেতা সেটি চাপ দিলেই ক্ষেপণাস্ত্র ছুটে যায়—বিষয়টি আসলে এমন নয়। কোনো নেতার নির্দেশ কার্যকর করতে সামরিক কর্মকর্তা এবং অনেক বড় যোগাযোগব্যবস্থার প্রয়োজন হয়।

যুক্তরাষ্ট্রের ‘ফুটবল’ ও রাশিয়ার ‘চেগেট’-এর পার্থক্য

যুক্তরাষ্ট্রের পারমাণবিক ব্রিফকেস ‘নিউক্লিয়ার ফুটবল’-এর ইতিহাস ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটেরও আগের। ইতিহাসবিদদের মতে, এর সূচনা হয়েছিল প্রেসিডেন্ট ডুইট আইজেনহাওয়ারের শাসনামলে। ১৯৬১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগের দিন জন এফ কেনেডিকে এ ব্রিফকেস সম্পর্কে অবহিত করেছিলেন আইজেনহাওয়ার। এ বিষয়ে একটি অবমুক্ত সরকারি স্মারকলিপিতেও তথ্য পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ‘বিস্কুট’ নামে পরিচিত একটি কার্ডও থাকে। এতে এমন কিছু গোপন সংকেত থাকে, যার মাধ্যমে পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার সময় প্রেসিডেন্টের পরিচয় যাচাই করা হয়।

এ ছাড়া ভাইস প্রেসিডেন্টের জন্য একটি বিকল্প ‘নিউক্লিয়ার ফুটবল’ এবং পরিচয় যাচাইয়ের সংকেতের ব্যবস্থা রয়েছে। প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্ট যাতে সেই ক্ষমতা গ্রহণ করতে পারেন, সে জন্য এ ব্যবস্থা রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার একক ক্ষমতা প্রেসিডেন্টের। তবে এ বিষয়ে তিনি সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পরামর্শ নিতে পারেন।

‘nuclear briefcase’1

অন্যদিকে, রাশিয়ার পারমাণবিক ব্রিফকেসের নাম ‘চেগেট’। ককেশাস অঞ্চলের একটি পর্বতের নামে এর নামকরণ করা হয়েছে। ১৯৮৩ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সামরিক ব্যবস্থায় এটি যুক্ত হয়। ঐতিহ্যগতভাবে নৌবাহিনীর একজন কর্মকর্তা প্রেসিডেন্টের হয়ে ব্রিফকেসটি বহন করেন।

২০১৫ সালে রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গ শহরের ইয়েলৎসিন সেন্টারে দেশটির সোভিয়েত-পরবর্তী প্রথম প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের ব্যবহৃত পারমাণবিক ব্রিফকেস প্রদর্শনের জন্য রাখা হয়েছিল।

বর্তমানে চেগেটের মাধ্যমে রুশ প্রেসিডেন্ট দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটির সাহায্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ পাঠানো সম্ভব। তবে ব্রিফকেসটি নিজে থেকে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারে না।

রাশিয়ার কাছে এ ধরনের তিনটি ব্রিফকেস রয়েছে বলে ধারণা করা হয়। এগুলো প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধানের জন্য বরাদ্দ।

রাশিয়ার প্রকাশিত পারমাণবিক নীতিমালা অনুযায়ী, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কি না, সে সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। চেগেট রাশিয়ার ‘কাজবেক’ নামের কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। এই নেটওয়ার্ক ‘কাভকাজ’ নামের পৃথক যোগাযোগব্যবস্থাকে সহায়তা করে। তবে প্রেসিডেন্টের পারমাণবিক হামলার নির্দেশ কার্যকর করতে তিনটি ব্রিফকেসের কতটি প্রয়োজন, তা নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে।

নেতারা কেন সঙ্গে রাখেন এই ব্রিফকেস

কোনো দেশের প্রেসিডেন্ট বিমানে থাকতে পারেন, আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে পারেন কিংবা হোটেলে ঘুমিয়ে থাকতে পারেন। এসব অবস্থায়ও তার দেশের ওপর পারমাণবিক হামলা হতে পারে। তাই নেতার অবস্থান যেখানেই হোক, পারমাণবিক ব্রিফকেসের মাধ্যমে দ্রুত হামলা বা পাল্টা হামলার নির্দেশ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

এর সঙ্গে জড়িয়ে রয়েছে সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ ধারণা—শত্রুপক্ষকে পাল্টা হামলার ভয় দেখিয়ে আক্রমণ থেকে বিরত রাখা। একে বলা হয় ‘নিউক্লিয়ার ডিটারেন্স’ বা পারমাণবিক প্রতিরোধক কৌশল। অর্থাৎ, কোনো দেশ যদি নিশ্চিত থাকে যে প্রতিপক্ষ আক্রান্ত হলেও পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারবে, তাহলে প্রথমে আক্রমণ করার সিদ্ধান্ত থেকে তারা সরে আসতে পারে।

অর্থনীতিবিদ ও সামরিক কৌশলবিদ থমাস শেলিং তার ১৯৬৬ সালে প্রকাশিত ‘আর্মস অ্যান্ড ইনফ্লুয়েন্স’ বইয়ে লিখেছিলেন, ‘আঘাত করার সক্ষমতাই দর-কষাকষির ক্ষমতা।’

এর আগে ২০২৩ সালে বেইজিং সফরের সময়ও পুতিনের সঙ্গে পারমাণবিক ব্রিফকেস বহনকারী নৌবাহিনীর কর্মকর্তাদের দেখা গিয়েছিল। আন্তর্জাতিক সম্মেলনে চেগেটের উপস্থিতি রাশিয়ার পারমাণবিক অস্ত্রভান্ডারের কথা দৃশ্যমানভাবে স্মরণ করিয়ে দেয়। শেনঝেনের ভিডিওতেও ব্রিফকেসটির উপস্থিতি নিশ্চিত হয়েছে। এর মধ্য দিয়ে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সক্ষমতার বিষয়টি আবারও সামনে এসেছে।

ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মাবন আলজাজিরাকে বলেন, ‘ক্রেমলিন-সমর্থিত টেলিভিশন চ্যানেলগুলো যে এই দৃশ্য দেখিয়েছে, তা অনেক কিছুই বলে দেয়।’

তিনি আরো বলেন, ‘এটি পুরোপুরি রাজনৈতিক নাটকীয়তা এবং প্রতীকী প্রদর্শন। এমন একজন নেতার ভাবমূর্তি তুলে ধরা হচ্ছে, যিনি জানেন, বিশ্বে তার দেশের অবস্থান আগের মতো নেই।’

মাবনের ভাষায়, যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা আগের মতো নেই। বিশ্বের বড় শক্তিগুলোর সঙ্গে একই কাতারে রাশিয়ার অবস্থান রয়েছে, তা প্রতীকীভাবে দেখানোর চেষ্টা এটি।

অন্য পারমাণবিক শক্তিধর দেশগুলোরও কি এমন ব্রিফকেস আছে

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) হিসাবে, বিশ্বে পারমাণবিক অস্ত্রধারী দেশের সংখ্যা নয়টি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক ব্রিফকেস সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য জানা যায়। অন্য দেশগুলোর ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন কে দিতে পারেন, সে বিষয়ে কিছু তথ্য প্রকাশিত হলেও নেতাদের সঙ্গে কী ধরনের সরঞ্জাম থাকে, তা সাধারণত প্রকাশ করা হয় না।

যুক্তরাজ্যে কেবল প্রধানমন্ত্রীই পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পারেন। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স লাইব্রেরির তথ্য অনুযায়ী, প্রত্যেক নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর হাতে লেখা চারটি ‘লেটার অব লাস্ট রিসোর্ট’ তৈরি করেন। দেশটির পারমাণবিক অস্ত্রবাহী প্রতিটি সাবমেরিনের কমান্ডারের জন্য একটি করে চিঠি লেখা হয়। পারমাণবিক হামলায় সরকার ধ্বংস হয়ে গেলে কী করতে হবে, এসব চিঠিতে সে বিষয়ে নির্দেশনা দেওয়া থাকে।

ফ্রান্সে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে। ফরাসি সংবাদপত্র লে মঁদ জানিয়েছে, ২০১২ সালে দায়িত্ব ছাড়ার সময় প্রেসিডেন্ট নিকোলা সারকোজি তার উত্তরসূরি ফ্রাঁসোয়া ওলাঁদের কাছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সংকেত হস্তান্তর করেছিলেন।

চীনের ঘোষিত নীতি হলো ‘নো ফার্স্ট ইউজ’ বা আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করা। অর্থাৎ, অন্য কোনো দেশ পারমাণবিক হামলা চালালেই কেবল চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে জানিয়েছে। তবে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্দিষ্ট কোনো পারমাণবিক ব্রিফকেস থাকে কি না, তা স্পষ্ট নয়।

ভারতের সরকারের ভাষ্য অনুযায়ী, দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পারে কেবল নিউক্লিয়ার কমান্ড অথরিটির পলিটিক্যাল কাউন্সিল। প্রধানমন্ত্রী এই কাউন্সিলের প্রধান। তবে এ কাজে কোনো বিশেষ সরঞ্জাম বা ব্রিফকেস ব্যবহার করা হয় কি না, তা জানা যায়নি।

এ ছাড়া পাকিস্তান ও উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রয়েছে। ইসরাইলের কাছেও পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। তবে এসব দেশের নেতারা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো বিশেষ ব্রিফকেস সঙ্গে নিয়ে চলেন কি না, সে বিষয়ে নির্ভরযোগ্য প্রকাশ্য তথ্য পাওয়া যায়নি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...