গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার কারণে খুলনা-ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা বন্ধ রয়েছে।
গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মহড়া এবং হুমকির প্রেক্ষাপটে জেলার সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও খুলনামুখী ট্রেন চলাচলও স্থগিত রাখা হয়েছে।
শুক্রবার সকালে খুলনা স্টেশন মাস্টার মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিরাপত্তার স্বার্থে শুক্রবার সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত নেওয়ার অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অনলাইনে টিকিট কেনা যাত্রীদের অনলাইনে লগইন করে এবং অফলাইনে টিকিট কেনা যাত্রীদের কাউন্টারে টিকিট জমা দিয়ে সম্পূর্ণ টাকা ফেরত নিতে বলা হয়েছে।
এ বিষয়ে রেল কর্তৃপক্ষ যাত্রীদের ব্যবহৃত মোবাইল নম্বরে বার্তা পাঠিয়েছে বলেও জানান স্টেশন মাস্টার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

