আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বীর বিক্রমে লড়ছে ইরান

হাসান আদিল

বীর বিক্রমে লড়ছে ইরান

সর্বোচ্চ নেতাকে হারানোর পর মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। সোমবার সাইপ্রাস, ইসরাইল, ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। হামলা চালানো হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করেও। তেহরানের পক্ষ নিয়ে লেবাননের হিজবুল্লাহও ইসরাইলে হামলা চালায়। অন্যদিকে ইরানের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে তেল আবিবও। নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায়ও হামলা চালানো হয়েছে। খবর আলজাজিরা, বিবিসি ও জেরুসালেম পোস্টের।

সুইজার‌ল্যান্ডের জেনেভায় পরমাণু নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল শনিবার ইরানে আগ্রাসন শুরু করে। শুরুর মুহূর্তেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়। এরপর থেকে ইরান আগ্রাসী শক্তির বিরুদ্ধে একপ্রকার একাই লড়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

সংঘাতের মধ্যে গতকাল ইরান সৌদি আরব ও কাতারের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এরপর থেকে হু হু করে বাড়ছে জ্বালানির দাম। হামলা করা হয়েছে কুয়েতের মার্কিন দূতাবাসে। এর মধ্যে কুয়েত ভুল করে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

ইরান যখন হামলার তীব্রতা বাড়াচ্ছে তখন ট্রাম্প লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তেলআবিবও ইরানের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করার ঘোষণা দিয়েছে ইরান।

সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যে ইরানে হতাহতও বাড়ছে আশঙ্কাজনক হারে। ইরানে ইতোমধ্যে ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। লেবাননে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৩১ জন। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের আরো একজন সেনা নিহত হয়েছে। এছাড়া ইসরাইলে আহত হয়েছেন বেশ কয়েকজন।

এদিকে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের আকাশ পথে যোগাযোগব্যবস্থা একপ্রকার ভেঙে পড়েছে। এ তিনদিনে অন্তত তিন হাজার ৪০০ ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে। তবে সোমবার স্থানীয় সময় তিনটার পর আবুধাবি বিমানবন্দর থেকে আটটি ফ্লাইড উড্ডয়ন করেছে।

ইরানজুড়ে হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানজুড়ে অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানিয়েছে, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে ইহুদি-আমেরিকান সন্ত্রাসীদের হামলার পর ৫৫৫ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত ১৩১টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।

নতুন করে হামলায় ইরানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের হত্যার দাবি করেছে তেলআবিব। ইসরাইলের ডিফেন্স ফোর্স জানিয়েছে, ইরানের ইসরাইলবিষয়ক গোয়েন্দা উপমন্ত্রী সাঈদ ইয়াহিয়া হামিদিকে হত্যা করা হয়েছে। গোয়েন্দা মন্ত্রণালয়ের গুপ্তচরবৃত্তি বিভাগের প্রধান জালালপুর হোসেনও নিহত হয়েছেন।

বাহিনীটি জানায়, তেহরানে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়েও হামলা চালানো হয়েছে।

ইরানি ক্রোধে পুড়ছে বাহরাইন থেকে সাইপ্রাস

সর্বোচ্চ নেতার মৃত্যুর পর থেকে ইরান পুরো অঞ্চলের মার্কিন ঘাঁটি এবং দেশটির সংশ্লিষ্ট স্বার্থে আঘাত হানছে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ইরাক ও সৌদি আরবের বিভিন্ন শহরে হামলা চালানো হচ্ছে কিছুক্ষণ পর পর।

এর মধ্যে কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের আলি আল সালেম ঘাঁটিতে হামলা করেছে ইরানের সেনাবাহিনী। বাহিনীটি বলছে, সোমবার সেনাবাহিনীর স্থল ও নৌ বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো কুয়েতে মার্কিন আলি আল সালেম বিমান ঘাঁটির পাশাপাশি উত্তর ভারত মহাসাগরে শত্রু জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ১৫ ক্রুজ মিসাইল।

এছাড়া এদিন ইরানের মুহুর্মুহু হামলার মধ্যে কুয়েতের মার্কিন দূতাবাস এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এ সময় যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। পরবর্তী সময়ে ওয়াশিংটন জানায়, কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে এসব বিমান ভূপাতিত করেছে।

এদিন ইসরাইলের তেলআবিব, হাইফা ও পূর্ব জেরুসালেমেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানায়, তেলআবিবে ইহুদিবাদী সরকারের সরকারি কমপ্লেক্স, হাইফা ও পূর্ব জেরুসালেমে সামরিক ও নিরাপত্তা কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর। হামলায় ব্যবহার করা হয়েছে খাইবার ব্যালিস্টিক মিসাইল।

হামলা চালানো হয়েছে ইরাকের এরবিল বিমানবন্দরেও। তবে সশস্ত্র ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে বলে জানা গেছে। ওই বিমানবন্দরে অবস্থান করছে মার্কিন সেনারা।

সাইপ্রাসে যুক্তরাজ্যের ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। এতে যদিও ঘাঁটির খুব বেশি ক্ষতি হয়নি বলে জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার রাতের ড্রোন হামলার পর আরএএফ আক্রোটিরি ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে। তবে ঘাঁটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

পরবর্তীতে ওই ঘাঁটি লক্ষ্য করে আরো দুটি ড্রোন পাঠানো হয় বলে জানায় সাইপ্রাস সরকারের এক মুখপাত্র। তিনি জানান, ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে।

তেল-গ্যাসের দাম বৃদ্ধি

এদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার আরামকোতে হামলা চালানো হয়। হামলায় ব্যবহার করা হয় দুটি ড্রোন। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সোমবার সৌদি আরবের রাস তানুরায় অবস্থিত আরামকো তেল শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়। এগুলো সফলভাবে ভূপাতিত করা হয়েছে। তবে ড্রোনগুলোর ধ্বংসাবশেষ থেকে আগুন ছড়িয়ে পড়ে তেল শোধনাগারে।

দেশটির জ্বালানিমন্ত্রী বলেন, সামান্য একটু আগুন লেগেছে, যা কম সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। যার কারণে তেল সরবরাহে কোনো ধরনের প্রভাব পড়েনি। তবে সতর্কতা হিসেবে সাময়িকভাবে শোধনাগার বন্ধ রাখা হয়েছে।

আরামকো তেল শোধনাগারে বিস্ফোরণ এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার কারণে জ্বালানি তেলের দাম ১০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। প্রাথমিকভাবে দাম বাড়ার পর ব্রেন্ট ক্রুড কিছুটা কমে ব্যারেলপ্রতি ৭৯ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম প্রায় ৭.৬ ভাগ বেড়ে ৭২.২০ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে কাতারের জ্বালানি অবকাঠামোতেও হামলা করা হয়েছে। এর কারণে এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার এনার্জি। যার কারণে ইউরোপে গ্যাসের দাম ৪৫ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শিল্পনগরী রাস লাফান ও মেসাইদের জ্বালানি স্থাপনায় দুটি ড্রোন হামলা করা হয়েছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

পরে কাতার এনার্জি বিবৃতিতে জানায়, কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি এবং মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতার এনার্জির অপারেটিং সুবিধাগুলোতে সামরিক হামলার কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা না করার বিষয়ে অনড় থাকার কথা জানিয়েছে ইরান।

ট্রাম্পের সঙ্গে তেহরানের কর্মকর্তারা আলোচনা করার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর বের হওয়ার প্রতিক্রিয়ায় দেশটির নিরাপত্তা প্রধান আলি লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না।

লেবাননে ইসরাইলের ব্যাপক হামলা

ইরানের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলের উত্তরে হামলা শুরু করেছিল লেবাননের হিজবুল্লাহ। এর প্রতিক্রিয়ায় দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। আইডিএফ বলেছে, এ হামলার জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে।

বাহিনীটির পক্ষ থেকে বলা হয়, আমরা উত্তর ইসরাইল থেকে বাসিন্দাদের সরিয়ে নেব না। সর্বশক্তি দিয়ে তাদের রক্ষা করা হবে। হামলা চলবে এবং এর তীব্রতাও বাড়বে।

এদিকে সোমবারের হামলায় লেবাননে অন্তত ৩১ জন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছেন।

হিজবুল্লাহ প্রধানকে হুমকি দিয়ে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম এখন আমাদের অন্যতম লক্ষ্যবস্তু।

এর আগে হিজবুল্লাহর অধিকাংশ শীর্ষ নেতাদের হত্যা করে ইসরাইল।

খামেনি হত্যা ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’

যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের ঘটনায় জাতিসংঘে কড়া প্রতিবাদ জানিয়েছে তেহরান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো চিঠিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি খামেনি হত্যাকাণ্ডকে একটি ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি আরো বলেন, এ ঘটনা একটি ‘বিপজ্জনক ও নজিরবিহীন উত্তেজনা’ তৈরি করেছে, যা রাষ্ট্রকাঠামোর মৌলিক আদর্শ এবং জাতিগুলোর মধ্যে সভ্য আচরণের পরিপন্থী।

খামেনির স্ত্রী নিহত

আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় আহত হয়েছিলেন তিনি।

ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি বলেছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় আহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মারা গেছেন। এর আগে গত শনিবার আয়াতুল্লাহ আলি খামেনিও নিহত হন। এ সময় শীর্ষ সামরিক কর্মকর্তাসহ পরিবারের কয়েকজন সদস্য নিহত হন।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা শাসন পরিবর্তনের জন্য নয়

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার উদ্দেশ্য পরমাণু নিরস্ত্রীকরণ; ‘শাসন পরিবর্তন’ নয় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে ইরানের নেতৃত্বে পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখার কথা স্বীকার করেছেন তিনি।

সোমবার হেগসেথ বলেন, এটি শাসন পরিবর্তনের যুদ্ধ নয়। শাসন অবশ্যই পরিবর্তিত হয়েছে এবং এতে বিশ্ব আরো ভালো অবস্থানে রয়েছে।

হেগসেথ আরো বলেন, আমরা এই যুদ্ধ শুরু করিনি। ইরান বহু দশক ধরে আমেরিকার বিরুদ্ধে একতরফা যুদ্ধ চালিয়ে আসছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা এটি শেষ করছি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই ইরানের শাসন পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন। হামলার পর ট্রাম্প সরাসরি ইরানের জনগণের উদ্দেশে ভাষণে বলেন, আমেরিকা আপনাদের অপরিসীম শক্তি ও বিধ্বংসী ক্ষমতা নিয়ে পাশে আছে।

ইরানি যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি কাতারের

কাতার দাবি করেছে, তাদের সশস্ত্র বাহিনী ইরানের দুটি বিমান ভূপাতিত এবং বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।

সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কাতারের আমিরি বিমান বাহিনী ইরান থেকে আসা দুটি সুখোই এসইউ-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এছাড়া, বিমান বাহিনী দেশজুড়ে একাধিক স্থানে ইরান থেকে নিক্ষেপ করা সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, হুমকি শনাক্ত হওয়ার পরপরই সক্রিয় অপারেশনাল পরিকল্পনা অনুসারে সব প্রজেক্টাইল লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাবে না ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো আলোচনা করবে না বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি।

সোমবার এক্সে দেওয়া পোস্টে তিনি এ দাবি করেন। লারিজানি বলেন, আমেরিকার সঙ্গে আমরা আলোচনা করব না।

এর আগে, ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করে, খামেনি হত্যার পর ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার জন্য চাপ প্রয়োগ করেন লারিজানি। তাদের এই খবর প্রত্যাখ্যান করে বিবৃতি দেন লারিজানি।

যুদ্ধবিরতির আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে সংঘাত অবসানে গতকাল যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, সবচেয়ে জরুরি কাজ হলো সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা এবং সংঘাতের বিস্তার রোধ করা। তিনি সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন।

তেহরানে সংঘাতের ফলে একজন চীনা নাগরিক নিহত হয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, যেখানে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইসলামিক প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতাকে হত্যার জন্য হামলা চালিয়েছে। এই কূটনীতিক আরো জানান, সোমবার পর্যন্ত তিন হাজারের বেশি চীনা নাগরিক ইরান ছেড়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...