গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল

গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল

গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি এবং অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে ইসরাইল জুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার রাতে রাস্তায় নামেন জিম্মিদের পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

তেলআবিবে জড়ো হওয়া বিক্ষোভকারীরা একটি ব্যানার নিয়ে সমাবেশে হাজির হন, তাতে লেখা ছিল: ‘ট্রাম্প ইতিহাস তৈরি করুন’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি সহজতর করার আহ্বান জানান বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

তেলআবিবের কেন্দ্রস্থলে অবস্থিত হোস্টেজেস স্কয়ারে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ হয়। দৈনিক ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, শুধু তেলআবিব নয়, হাইফাসহ আরো কয়েকটি শহরে একই ধরনের বিক্ষোভ হয়েছে।

তুভাল হাইম নামে এক বিক্ষোভকারী, গাজা দখলের বিষয়ে নেতানিয়াহু সরকারের পরিকল্পনার সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমাদের সাথে মিথ্যা কথা বলা হচ্ছে। তখনো প্রয়োজনীয় প্রচেষ্টা বাস্তবে করা হয়নি এবং এখনো করা হচ্ছে না।’

বিক্ষোভকারীরা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের অভিযোগ, নেতানিয়াহু সরকার ইচ্ছাকৃতভাবে বন্দি বিনিময় চুক্তি বাধাগ্রস্ত করছে, যার ফলে প্রিয়জনদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

এসময় গাজায় জিম্মি ইসরাইলিদের ফিরিয়ে আনতে অবিলম্বে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দেন বিক্ষোভকারী। মোসে ওর নামে একজন বলেন, ‘যথেষ্ট হয়েছে, একটি চুক্তি হতে হবে। ইসরাইলি জনগণ তাদের সন্তানদের ফিরে পেতে চায়।’

তেলআবিবে সেনা সদরদপ্তরের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসরাইলি বন্দি মাতান জাঙ্গাউকারের মা, আইনাভ নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘যদি মাতানকে লাশের ব্যাগে ফিরতে হয়, তবে এর দায় শুধু আমার আর মাতানের নয়, আপনাকেও (নেতানিয়াহু) এর দায় নিতে হবে।’

গাজায় ৫০ জন ইসরাইলি জিম্মি রয়েছে বলে তেলআবিবের ধারনা, যাদের মধ্যে ২০ জন জীবিত।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন