ইরান যুদ্ধে এআই ব্যবহার নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চান মার্কিন সিনেটর

ইরান যুদ্ধে এআই ব্যবহার নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চান মার্কিন সিনেটর
সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধে লক্ষ্যবস্তু নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয়েছিল কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড। সামরিক অভিযানে এআই ব্যবহারের ক্ষেত্রে মানুষের নজরদারি ও নিয়ন্ত্রণ আরো জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

তার আশঙ্কা, এআইয়ের ভুল সিদ্ধান্তে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটতে পারে।

নিউ ইয়র্কের এই সিনেটর বলেছেন, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করতে সামরিক ক্ষেত্রে এআই কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে লক্ষ্যবস্তু নির্ধারণে এ প্রযুক্তির ভুল সিদ্ধান্ত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এ কারণে সামরিক ক্ষেত্রে এআই-সক্ষম অস্ত্রব্যবস্থার কার্যক্ষমতা এবং সেগুলোর ওপর মানুষের নজরদারি কীভাবে নিশ্চিত করা হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

গিলিব্র্যান্ড মনে করেন, যুক্তরাষ্ট্রের সিনেটের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দাবিষয়ক কমিটির এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা উচিত।

তিনি বলেন, ‘দ্রুত কাজ শেষ করার তাগিদে বিদেশের কোনো মেয়েদের স্কুলে বোমা হামলা হোক, তা আমি চাই না। কারণ, এআই হয়তো স্কুল ও অন্য লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য বুঝতে পারেনি। সেখানে হয়তো মানুষের নজরদারি ছিল না, কিংবা তারা ১০ বছর আগের তথ্য ব্যবহার করেছে।’

তবে ইরান যুদ্ধে লক্ষ্যবস্তু নির্ধারণে এআই ব্যবহার করা হয়েছিল এমন কোনো প্রমাণ তাদের হাতে নেই বলে জানিয়েছেন এই সিনেটর। তিনি বলেন, ‘এ ধরনের কাজে এআইয়ের সম্পৃক্ততা ছিল বলে বিশ্বাস করার কোনো কারণ এখন আমাদের নেই। তবে বিষয়টি নিশ্চিতভাবে জানতে হবে।’

এআইয়ের ভুল তথ্য বা মনগড়া ফলাফল (হ্যালুসিনেশন) নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গিলিব্র্যান্ড। তার ভাষায়, ‘মানুষকে হত্যার বিষয় যখন আসে, তখন আপনি নিশ্চয়ই এআইয়ের হ্যালুসিনেশন চান না।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের শুরুর দিকে দেশটির দক্ষিণাঞ্চলে একটি মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ১৭০ জনের বেশি মানুষ নিহত হন। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছিল স্কুলছাত্রী।

ওই হামলার দায় থেকে নিজেদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তবে হামলার ঘটনায় পাওয়া তথ্য-প্রমাণ ক্রমেই ইঙ্গিত দিচ্ছে, এ হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র দায়ী ছিল।

ইরানের ওই স্কুলে হামলার পরিপ্রেক্ষিতেই সামরিক অভিযানে এআই ব্যবহার, লক্ষ্যবস্তু নির্ধারণে এর নির্ভরযোগ্যতা এবং মানুষের তদারকির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেটর গিলিব্র্যান্ড।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...