হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইরানের প্রস্তাবকে ‘সবচেয়ে যৌক্তিক, কার্যকর ও সুসংগঠিত রূপরেখা’ বলে অভিহিত করেছে তেহরান। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি স্পষ্ট করে বলেন, কোনো পরিস্থিতিতেই ইরান তার জাতীয় স্বার্থের সঙ্গে আপস করবে না।
একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে সতর্ক করে দিয়েছে ইরান।
বাঘাই বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাবটি যৌক্তিক, স্পষ্ট ও নির্দিষ্ট সময়সীমাভিত্তিক। এ প্রস্তাবের মাধ্যমে তেহরান প্রমাণ করেছে, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করার চাবিকাঠি ইরানের হাতেই রয়েছে।
তিনি বলেন, পারস্য উপসাগরে একটি চুক্তি ও নিরাপত্তাবিষয়ক অগ্রগতি অর্জন নির্ভর করছে যুক্তরাষ্ট্রের বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার ওপর। একই সঙ্গে মার্কিন প্রশাসনকে নিজেদের জনগণের মনোভাবও উপলব্ধি করতে হবে।
ইরানের এই মুখপাত্র আরো বলেন, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলোতে নিরাপত্তা ফিরিয়ে আনতে হলে অপর পক্ষের আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। আগ্রাসনমূলক কর্মকাণ্ডের কারণে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বাঘাই বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে কী ধরনের ভয়াবহ প্রতিক্রিয়া ও পরিণতি সৃষ্টি হতে পারে, তা মার্কিন প্রশাসনকে উপলব্ধি করতে হবে।’
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা বাস্তবায়নে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তুলেছে তেহরান। বাঘাই বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি ও দায়িত্ব পালন করেনি।
তিনি স্পষ্ট করে বলেন, কোনো পরিস্থিতিতেই ইরান তার জাতীয় স্বার্থের সঙ্গে আপস করবে না।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকার কথাও জানিয়েছেন বাঘাই।
তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এবং সংশ্লিষ্ট সুরক্ষা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার কারণে স্বাভাবিকভাবে নিরাপত্তা-সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে।
বাঘাইয়ের দাবি, বর্তমান অস্বাভাবিক পরিস্থিতিতে অতীতের মতো স্বাভাবিকভাবে সহযোগিতা চালিয়ে যাওয়া সম্ভব নয়।
আইএইএর পরিচালনা পর্ষদ ও মহাপরিচালকের সমালোচনা করে তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সংস্থাটি যথাযথ অবস্থান নিতে ব্যর্থ হয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




