জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পে বিভিন্ন দোকানের জানালার কাচ ভেঙে যায়। আতঙ্কে লোকজন ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় গণমাধ্যম ও কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
জাপানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার রাত ১টা ৪ মিনিটে পশ্চিম শিজুওকা প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে।
বার্তা সংস্থা কিয়োদোর বরাতে জানা গেছে, আইচি ও শিজুওকা প্রিফেকচারে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
ভূমিকম্পে আইচি প্রিফেকচারের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। এছাড়া হামামাতসু শহর, জাপানের প্রাচীন রাজধানী কিয়োটো ও নারা, মাউন্ট ফুজি অবস্থিত ইয়ামানাশি প্রিফেকচার এবং গিফু প্রিফেকচারেও কম্পন অনুভূত হয়। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। কিয়োদো এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পে বিভিন্ন দোকানের জানালার কাচ ভেঙে রাস্তায় ছড়িয়ে পড়ে। জাপানের টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারিত ফুটেজে এসব দৃশ্য দেখা যায়। একটি বইয়ের দোকানে তাক থেকে বিপুলসংখ্যক বই মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, আতঙ্কে ভবন থেকে বের হওয়ার সময় সিঁড়িতে পড়ে কয়েকজন আহত হন।
জাপানের আবহাওয়া অধিদপ্তর আগামী এক সপ্তাহ সম্ভাব্য শক্তিশালী ভূমিকম্পের বিষয়ে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। বিশেষ করে আগামী দুই থেকে তিন দিন সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অধিদপ্তরের কর্মকর্তা আয়াতাকা এবিতা সাংবাদিকদের বলেন, ‘ভূমিধস, পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়া এবং বৃষ্টিপাতের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক থাকুন।’
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




