কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় বলিভার প্রদেশের সান্তা রোসা পৌরসভায় একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আট সেনাসদস্য।
কলম্বীয় সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশন জানিয়েছে, সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় বিস্ফোরকভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব ড্রোনের মাধ্যমে সামরিক ক্যান্টনমেন্টের স্থাপনাগুলোতে হামলা চালানো হয়।
ঘটনার পরপরই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণে কাজ শুরু করেন সেনাসদস্যরা। হামলায় আরও কয়েকজন সামরিক সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ হামলার নিন্দা জানিয়েছে সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশন। তাদের ভাষ্য, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।
এদিকে, বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের জীবন হুমকির মুখে ফেলতে পারে—এমন সহিংস ঘটনা প্রতিরোধে আগাম তথ্য দিয়ে সহযোগিতার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।
এ ধরনের হামলার পরিকল্পনা ও সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য জানাতে নাগরিকদের দেশটির সন্ত্রাসবিরোধী হটলাইনে যোগাযোগ করারও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




