ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে পুনর্বহালের দাবি এবং সদর উপজেলাকে বিভক্ত করার চক্রান্তের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করা হয়েছে। রোববার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় বাসুদেব ইউনিয়নবাসী রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এ দুটি রেলপথে পারাবাত, পর্যটক এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের নির্ধারিত সময়ে যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
একই সময়ে বিক্ষোভকারীরা আখাউড়া-আগরতলা সড়কপথ অবরোধ করে। এর ফলে ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, যার কারণে এই পথে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম ভেঙে ‘বরিশল’ নামে একটি নতুন ইউনিয়ন পরিষদ গঠন করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়, যা গত ৪ জুন গেজেট আকারে প্রকাশিত হয়। বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এলেও তার কোনো সুরাহা মেলেনি। বরং সম্প্রতি সদর উপজেলার তিনটি ইউনিয়ন—বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ভেঙে নবগঠিত বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে ‘বরিশল’ নামে একটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়।
ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ এই প্রস্তাবের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠায়। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা আন্দোলনে নামেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খায়রুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। জানমালের যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

