ইসরাইলের সমালোচনা মানেই ইহুদিবিদ্বেষ নয়: মার্কিন সিনেটর

ইসরাইলের সমালোচনা মানেই ইহুদিবিদ্বেষ নয়: মার্কিন সিনেটর
মার্কিন সিনেটর টিম কেইন। ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের আচরণের সমালোচনা করায় তাকে ইহুদিবিদ্বেষী বক্তব্য হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন সিনেটর টিম কেইন। তিনি বলেন, ইসরাইলি নীতির যৌক্তিক সমালোচনাকে ইহুদিবিদ্বেষ (অ্যান্টি-সেমিটিজম) হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

কেইন জানান, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে আচরণ নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি পাঠানো হয়েছিল। তিনি ও তার কয়েকজন সহকর্মী সেই চিঠির এমন একটি জবাব পেয়েছেন, যেখানে তাদের চিঠিকে ‘ইহুদিবিদ্বেষী বয়ানের পুনরাবৃত্তি’ বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে কেইন বলেন, ‘না, এটি তা নয়। এটি তথ্য-প্রমাণের ভিত্তিতে বলা কথা। পশ্চিম তীরে আমেরিকান নাগরিকদের সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, এটি তারই প্রতিফলন।’

গত আগস্টে কেইনসহ ডেমোক্রেটিক পার্টির ৪৪ জন সিনেটর নেতানিয়াহুকে একটি চিঠি পাঠান। এতে অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়া, নতুন বসতি স্থাপনের অনুমোদন বন্ধ করা এবং ফিলিস্তিনিদের সঙ্গে আচরণের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সঙ্গে আচরণের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করা হয়।

হ্যালিফ্যাক্স ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোরামে বক্তব্য দিতে গিয়ে কেইন বলেন, ‘ইহুদিবিদ্বেষ ভয়াবহ একটি বিষয়। তবে কোনো কিছুকে ভুলভাবে ইহুদিবিদ্বেষ বলে আখ্যা দেওয়াও ভয়াবহ।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...