মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি ভূঁইয়া পরিবহনের। এটি রাজধানীর মোহাম্মদপুর থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচল করত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বাসটির মালিক গড়পাড়া ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা আবু মোহাম্মদ জাফর। তিনি অসুস্থ থাকায় তিন-চার দিন আগে বাসটি ঢাকা থেকে এনে ওই এলাকায় পার্কিং করে রাখা হয়েছিল। শনিবার (২১ নভেম্বর) চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ঘটনার পর মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, পার্কিং করে রাখা বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

