কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক আইইডি বোমা, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযানের এতথ্য নিশ্চিত করেন। রামু সেক্টরের অধীন ২ বিজিবি এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ ছাড়া বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে এ অভিযান পরিচালনা করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। চক্রটি মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল বলে বিজিবি সূত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযানে উদ্ধার করা আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামগুলো সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে বিস্ফোরক তৈরির উপকরণ ছাড়াও স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার ও বিভিন্ন ধরনের উন্নতমানের যন্ত্রপাতি রয়েছে।
অভিযান চলাকালে সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়। এসব যানবাহনের চালকদেরও আটক করেছে বিজিবি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


