ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। শনিবার গভীর রাতে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কের শম্ভুপুরা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহারাষ্ট্রের ধার এলাকার একই পরিবারের ১৫ সদস্য একটি ফোর্স ক্রুজার গাড়িতে করে খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। রাত ২টার দিকে দ্রুতগতির গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। চালকের ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতদের মধ্যে চার নারী, তিন পুরুষ ও দুই শিশু রয়েছেন। তারা একই পরিবারের সদস্য; নিহতদের মধ্যে দুই ভাই ও তাদের স্ত্রীরাও রয়েছেন।
আহত ছয়জনকে উদ্ধার করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। নিহতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশী ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, আহতদের চিকিৎসা নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার।
পরিবারের এক সদস্য জানান, তারা মোট ৩৬ জন তিনটি গাড়িতে করে ফিরছিলেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি অন্য দুটি গাড়ির আগে চলে গিয়েছিল। পরে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান।
সূত্র: এনডিটিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




