হত্যা মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাল যুক্তরাষ্ট্রের আদালত

হত্যা মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাল যুক্তরাষ্ট্রের আদালত
অজিত দোভাল ও সামন্ত গোয়েল। ছবি: সংগৃহীত

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পন্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এ সমন পৌঁছে দিতে দিল্লির তিনটি জেলা আদালতের সহায়তা চেয়েছেন নিউ ইয়র্কের একটি আদালত।

বিজ্ঞাপন

নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের ক্লার্কের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ফেডেক্সের মাধ্যমে দিল্লির পাতিয়ালা হাউস, তিস হাজারি ও দ্বারকা জেলা আদালতে সমনগুলো পাঠানো হয়েছে।

এর আগে গত ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের আদালত অজিত দোভাল ও সামন্ত গোয়েলের নামে সমন জারির নির্দেশ দেন। হেগ কনভেনশনের আওতায় এ সমন পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিচারক ক্যাথরিন পোল্ক ফাইলা ভারতীয় আদালতগুলোকে দুই কর্মকর্তার কাছে আইনি নথি পৌঁছে দিতে সহায়তার অনুরোধ জানান।

আদালতের আদেশে বলা হয়েছে, ‘এই আদালতে বিচারাধীন দেওয়ানি মামলায় বিবাদীদের কাছে আইনি নোটিশ পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ভারতীয় আদালতগুলোর সহযোগিতা বিনীতভাবে চাওয়া হচ্ছে।’

পন্নুনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাকে খুঁজছে ভারতের তদন্তকারী সংস্থাগুলো।

বিচারক ফাইলা তার আদেশে হেগ কনভেনশন এবং ভারতের দেওয়ানি কার্যবিধির (কোড অব সিভিল প্রসিডিউর) সংশ্লিষ্ট ধারার উল্লেখ করেছেন। এসব আইনি বিধানের আওতায় বিদেশি আদালত ভারতীয় আদালতের মাধ্যমে অজিত দোভাল ও সামন্ত গোয়েলের কাছে সমন পাঠাতে পারে বলে উল্লেখ করেন তিনি।

ভারতের দেওয়ানি কার্যবিধি অনুযায়ী, দেশটির কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে যেসব বিদেশি দেওয়ানি আদালতকে স্বীকৃতি দিয়েছে, সেসব আদালতের জারি করা সমন ভারতীয় আদালতে পাঠানো যায়। পরে সেগুলো ভারতীয় আদালতের জারি করা সমনের মতোই কার্যকর করা সম্ভব।

আদালতের আদেশে আরো বলা হয়েছে, হেগ কনভেনশনের আওতায় ভারতের কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে সমন পৌঁছে দেওয়ার স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল। তবে সেই আবেদন প্রত্যাখ্যাত হয়। এরপর বিকল্প পদ্ধতিতে সমন পৌঁছে দেওয়ার অনুমতি দেন আদালত। এ ক্ষেত্রে হেগ কনভেনশনের ১৯ নম্বর অনুচ্ছেদ এবং ভারতের দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করা হয়েছে।

নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের (এসএফজে) আইনজীবী পন্নুন নিজের ওপর কথিত হত্যাচেষ্টার ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে এ দেওয়ানি মামলা করেছেন। তার অভিযোগ, ভারতের বিদেশি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন অজিত দোভাল।

গত মাসেও যুক্তরাষ্ট্রের আদালত অজিত দোভাল ও সামন্ত গোয়েলের কাছে সমন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। ওই সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসে কূটনৈতিক নোট পাঠানো হয়।

তবে পন্নুনের করা মামলাটি প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘মনগড়া ও বিদ্বেষপ্রসূত’ বলে অভিহিত করেছে।

গত ১০ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে মনগড়া ও বিদ্বেষপ্রসূত অভিযোগ আমরা প্রত্যাখ্যান করছি। ভিত্তিহীন মামলাও আমরা গ্রহণ করছি না।’

তিনি আরো বলেন, ভারতে কোনো বিচারিক নথি পাঠানোর অনুরোধ করতে হলে তা দেশটির নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে পাঠাতে হবে। এ ক্ষেত্রে ভারতের আইন ও বিচার মন্ত্রণালয়ই একমাত্র নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষ।

তিনি বলেন, ‘ভারতে বিচারিক নথি পাঠানোর অনুরোধ কেবল ভারতের নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষ, অর্থাৎ আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমেই করা যেতে পারে।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...