যুক্তরাষ্ট্র-ইসরাইলের ভাবমূর্তি ‘নজিরবিহীন তলানিতে’ নামিয়েছেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ভাবমূর্তি ‘নজিরবিহীন তলানিতে’ নামিয়েছেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরাইলের অবস্থানকে ‘নজিরবিহীন নিম্নস্তরে’ নিয়ে গেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—এমন মন্তব্য করেছে ইসরাইলি প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ।

বিজ্ঞাপন

শুক্রবার প্রকাশিত এক সম্পাদকীয়তে পত্রিকাটি বলেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সম্পর্কের ক্ষেত্রে নেতানিয়াহু ও তার সরকারের কর্মকাণ্ডের কারণে দুই দেশের কৌশলগত সম্পর্ক বড় ধরনের সংকটে পড়ার বিষয়ে বহু বছর ধরেই সতর্ক করা হচ্ছিল।

হারেৎজ লিখেছে, নেতানিয়াহু ইসরাইল-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষতি নিয়ে দেওয়া অসংখ্য সতর্কবার্তা উপেক্ষা করেছেন।

বিশেষ করে মার্কিন রাজনীতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির পক্ষে তার প্রকাশ্য হস্তক্ষেপ ডেমোক্র্যাটদের মধ্যে ইসরাইলের অবস্থানকে দুর্বল করেছে বলে পত্রিকাটি মন্তব্য করেছে।

তবে হারেৎজ-এর মতে, ইসরাইলের অবস্থানের অবনতি এখন আর শুধু ডেমোক্র্যাটদের মধ্যেই সীমাবদ্ধ নেই। পত্রিকাটি লিখেছে, গত দুই বছরে নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোটরিচের নেতৃত্বাধীন সরকারের নীতির কারণে রিপাবলিকানদের মধ্যেও ইসরাইলের অবস্থান আরও খারাপ হয়েছে।

পত্রিকাটির সম্পাদকীয়তে ইরান যুদ্ধ ও এর পর জ্বালানির দামের তীব্র বৃদ্ধি, ফিলিস্তিনিদের ওপর উগ্র বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর আঘাত—এসব ঘটনার কারণে এমনকি ইসরাইলের সবচেয়ে কট্টর সমর্থকরাও নজিরবিহীন সমালোচনা করছেন বলে হারেৎজ দাবি করেছে।

সংবাদপত্রটি জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোর মার্কিন জনমত জরিপে ইসরাইলের প্রতি ইতিবাচক মনোভাবের ক্ষেত্রে—বিশেষ করে তরুণ উত্তরদাতাদের মধ্যে—এক তীব্র ও অভূতপূর্ব পতন দেখা গেছে। এতে আরও বলা হয়েছে যে, জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর কোনো আড়ম্বরপূর্ণ ভাষণই এই নিদারুণ বাস্তবতাকে আড়াল করতে পারবে না।

উভয় দেশের সম্পর্কের ওপর এর প্রভাব সম্পর্কে সতর্ক করে পত্রিকাটি লিখেছে: আমেরিকান জনগণের চোখে ইসরাইলের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ণ হয়েছে এবং দুই দেশের সম্পর্কের ভবিষ্যতে এর কী প্রভাব পড়তে পারে, তা প্রতিটি ইসরাইলি নাগরিকের বোঝা প্রয়োজন।

সূত্র: আনাদোলু এজেন্সি

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন