গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার আল জাজিরা জানায়, গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে হামলায় আহত হয়েছে চার শতাধিক মানুষ।
অধিকৃত পশ্চিম তীরে কাফর মালেক এলাকায় ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় নিহত হয়েছে তিন ফিলিস্তিনি। শতাধিক অবৈধ বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালায় এবং ঘর ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট জানায়, ওই হামলায় আরো সাতজন আহত হয়।
শিশু অধিকার সংগঠন ডিফেন্স ফর চিল্ড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন জানায়, পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ১৩ বছরের এক বালককে হত্যা করেছে। ছেলেটির পিঠের দিকে গুলি করে ইসরাইলের সেনারা।
এদিকে, নাবলুসে অভিযান চালিয়ে ১৪ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী।
ইসরাইল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে, সে হত্যাযজ্ঞ এখনো থামেনি। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করেই তারা এই হামলা অব্যাহত রেখেছে। গত প্রায় ২০ মাসে ইসরাইলি আগ্রাসনে ৫৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াওভ গালান্তের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও মামলা চলমান রয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরান সাহসিকতার সাথে লড়াই করেছে: ট্রাম্প
পেন্টাগনের গোপন প্রতিবেদন নিয়ে তোলপাড়