বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তাঝুঁকি এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও তেলের দাম কমছে। বাজারে পর্যাপ্ত সরবরাহ এবং চাহিদার তুলনায় তেলের উদ্বৃত্ত তৈরি হওয়ার আশঙ্কায় এ দরপতন হয়েছে।
মঙ্গলবার গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ৪৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৪০ সেন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে ৮৮ ডলার ৯৭ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৯ ডলার ৯৪ সেন্টে নেমে আসে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। একই দিন লেনদেনের একপর্যায়ে ডব্লিউটিআইয়ের দামও ২৬ আগস্টের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়।
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ঝুঁকি থাকা সত্ত্বেও তেলের দামে এই পতন ঘটেছে। সোমবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। আইআরজিসির দাবি, ট্যাংকারগুলো তাদের নির্দেশনা অমান্য করেছিল।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, জ্বালানিবাহী ৫০টি পর্যন্ত ট্যাংকারে সাইবার হামলার ঘটনায় ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।
মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিশ্ববাজারে তেলের দাম কমছে। পর্যাপ্ত সরবরাহ এবং বাজারে সম্ভাব্য উদ্বৃত্তের আশঙ্কাই বর্তমানে তেলের দামের ওপর প্রভাব ফেলছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


