হরমুজে মাইন বিস্ফোরণে তিন ট্যাংকারে আগুন

হরমুজে মাইন বিস্ফোরণে তিন ট্যাংকারে আগুন
স্যাটেলাইট চিত্রে ওমানের উপকূলে একটি জাহাজ থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ২৩ নভেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে অন্তত তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির নৌবাহিনীর সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে তাদের দেওয়া নির্দেশনা অমান্যকারী অন্তত তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়েছে। এতে ট্যাংকারগুলোতে বিস্ফোরণ ঘটে এবং তীব্র আগুন ছড়িয়ে পড়ে।

বিবৃতিতে বলা হয়, আক্রান্ত ট্যাংকারগুলোর একটি প্রণালির দক্ষিণ উপকূলের কাছে ছিল। বাকি দুটি ছিল হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে।

আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র ওই তেলবাহী ট্যাংকারগুলোকে পাহারা দিয়ে নিরাপদে পার করে নেওয়ার চেষ্টা করেছিল। তবে এ বক্তব্যের মধ্য দিয়ে ইরান হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও প্রভাবের বিষয়টি স্পষ্ট করতে চাইছে।

আইআরজিসি বলছে, হরমুজ প্রণালির ওই এলাকা বন্ধ রয়েছে এবং সেটি তাদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বাধীন। ফলে সেখানে চলাচলের ক্ষেত্রে তাদের নির্দেশনা ও সতর্কবার্তা উপেক্ষা করার সুযোগ নেই।

আইআরজিসির বিবৃতির একটি গুরুত্বপূর্ণ অংশে বলা হয়েছে, ‘অনুমোদনহীন পথে চলাচলের পরীক্ষা চালানো কিংবা সমুদ্রপথে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার জায়গা নয় হরমুজ প্রণালি।’

ইরানের তেহরান থেকে আলজাজিরার সংবাদদাতা তোহিদ আসাদির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...