ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তার এই অবস্থান বহাল থাকবে। তবে নতুন সরকার গঠনে বিরোধী দলগুলোর জোট নিয়ে অনিশ্চয়তা থাকায় এ প্রক্রিয়ায় কয়েক মাস লেগে যেতে পারে। এমন পরিস্থিতিতে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়লেও ইরানে নতুন করে সামরিক হামলার কথা বিবেচনা করছেন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্র, ইসরাইলের সামরিক নেতৃত্ব এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের চেষ্টায় থাকা রাজনীতিকদের এ বিষয়ে আগ্রহ নেই।
এখন প্রশ্ন উঠেছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নেতানিয়াহু কি ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার ক্ষমতা রাখেন? এমন সিদ্ধান্ত নিলে ইসরাইলের রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া তৈরি হতে পারে?
বিশ্লেষকদের মতে, আইনগতভাবে তার সামনে যুদ্ধ শুরুর সুযোগ রয়েছে। তবে রাজনৈতিক ও সামরিক দিক থেকে এ সিদ্ধান্তের জন্য তাকে বড় ধরনের চাপের মুখে পড়তে হতে পারে।
ইসরাইলের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা কতটুকু?
আনুষ্ঠানিকভাবে ইসরাইলের তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা নিয়মিত সরকারের সমান। দেশটির মৌলিক আইনের ৩০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার আগের মতোই দায়িত্ব পালন করবে।
তবে ইসরাইলের সুপ্রিম কোর্ট অতীতে রায় দিয়েছেন, বিদায়ী সরকারকে এমন কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে, যা পরে আর পরিবর্তন করা সম্ভব নয়। জরুরি পরিস্থিতি ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এই নীতি ‘সংযমের দায়িত্ব’ হিসেবে পরিচিত।
লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক এবং ‘ইসরাইলস অকুপেশন’ বইয়ের লেখক নেভ গর্ডন আলজাজিরাকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদন নিয়ে নেতানিয়াহু এখনো সামরিক অভিযান শুরু করতে পারেন। তিনি এটিকে ‘জরুরি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট’ সিদ্ধান্ত হিসেবে তুলে ধরতে পারেন।
তেল আবিবভিত্তিক তাকলিথ ইনস্টিটিউটের গবেষক ওর আশের বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো সাধারণত তত্ত্বাবধায়ক সরকারের সংযমের দায়িত্বের ক্ষেত্রে সবচেয়ে স্পষ্ট ব্যতিক্রম হিসেবে বিবেচিত হয়।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট ঐতিহাসিকভাবেই যুদ্ধ শুরুর সিদ্ধান্তে হস্তক্ষেপ করা থেকে বিরত থেকেছেন। এ ছাড়া নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার পর থেকে বিভিন্ন কমিটি গঠনের আগপর্যন্ত কয়েক সপ্তাহে সংসদীয় নজরদারি সবচেয়ে দুর্বল থাকে।
তার ভাষায়, আইনগতভাবে একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধসহ যেকোনো যুদ্ধে ইসরাইলকে জড়াতে পারেন।
ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক ও বিশ্লেষক এহাব জাবারিন আলজাজিরাকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অবস্থানের কারণে এমন সিদ্ধান্তের পক্ষে নেতানিয়াহুকে আরো জোরালো যুক্তি দিতে হবে।
তার কথায়, এমন একটি সিদ্ধান্তের পরিণতি মেনে নিতে দেশের জনগণকে রাজি করাতে হবে নেতানিয়াহুকে, যার প্রভাব তার সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও থেকে যেতে পারে।
ইরানে ফের হামলার প্রস্তুতির নির্দেশ?
গত বুধবার ইসরাইলের সংবাদমাধ্যমগুলো জানায়, নেতানিয়াহুর নেতৃত্বাধীন নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা ইরানে হামলার প্রস্তুতি আরো জোরদার করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে।
ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার দেওয়া নির্দেশনা এমন সামরিক তৎপরতার পথ তৈরি করতে পারে, যার ফলে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে ইসরাইলের সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার ফোন করছেন নেতানিয়াহু। এসব কথোপকথনের অন্তত একবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার কানকে উদ্ধৃত করে এক মার্কিন সামরিক কর্মকর্তা জানান, সম্ভাব্য নতুন সংঘাতের জন্য ইসরাইলকে প্রস্তুত থাকতে বলেছে ওয়াশিংটন। তবে পরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ প্রতিবেদন নাকচ করে দেয়। আলজাজিরাকে তারা জানায়, এসব খবর নিছক জল্পনা।
অন্যদিকে ইসরাইলের চ্যানেল ১৩ জানিয়েছে, ইরানে হামলার জরুরি প্রয়োজন দেখছে না দেশটির সামরিক নেতৃত্ব। বুধবার এক ব্রিফিংয়ে নেতানিয়াহু এবং বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে এ মূল্যায়নের কথা জানানো হয়েছে। নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকোট।
যুদ্ধের পরিকল্পনার বিরোধিতা বিরোধীদের
ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর আগে নেতানিয়াহুকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিরোধী দলগুলো। তাদের দাবি, একান্ত জরুরি পরিস্থিতি ছাড়া এমন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া উচিত হবে না।
বিরোধী জোটের সদস্য ও ইসরাইল বেইতেনু দলের নেতা আভিগদর লিবারম্যান বলেছেন, পার্লামেন্টের নজরদারি এবং নিরাপত্তাবিষয়ক সব কর্মকর্তার পূর্ণ সম্মতি ছাড়া নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যা ইসরাইলকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।
বুধবার নেতানিয়াহুকে লেখা এক চিঠিতে একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন আইজেনকোট। তিনি বলেন, সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকলে ইসরাইলি বাহিনীকে যুদ্ধে পাঠানোর সিদ্ধান্ত দেশটির গণতন্ত্র এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
জবাবে নেতানিয়াহু বলেছেন, তার সরকার কেবল নিরাপত্তাসংক্রান্ত বিবেচনার ভিত্তিতেই সব সিদ্ধান্ত নেয়।
যুদ্ধ শুরু হলে কী ভাববে ইসরাইলের জনগণ?
ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হলে ইসরাইলের রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে মতবিভাজন তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
অধ্যাপক নেভ গর্ডন বলেন, নেতানিয়াহু ও তার জোটের দলগুলোকে ভোট দেওয়া ব্যক্তিরা স্বাভাবিকভাবেই নতুন যুদ্ধের পক্ষে থাকবেন। অন্যদিকে তথাকথিত ‘পরিবর্তন জোটের’ সমর্থকেরা মনে করবেন, নির্বাচনে তাদের সাফল্য ঠেকাতে এবং ক্ষমতায় টিকে থাকতে যুদ্ধকে ব্যবহার করছেন নেতানিয়াহু।
তবে তার মতে, নেতানিয়াহু নতুন করে সংঘাত শুরু করলে তার বিরোধী শিবিরের অধিকাংশ মানুষও শেষ পর্যন্ত জাতীয় ঐক্যের স্বার্থে সরকারের পাশে দাঁড়াতে পারেন।
এহাব জাবারিনও মনে করেন, নতুন করে যুদ্ধ শুরু হলে এবং ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুটে আসতে থাকলে দেশটির মানুষ সরকারের পাশে দাঁড়াতে পারেন। তবে এতে বোঝা যাবে না যে, নতুন করে যুদ্ধ শুরু করার সিদ্ধান্তকে তারা সঠিক মনে করছেন।
তিনি বলেন, প্রকৃত পরীক্ষা শুরু হবে যখন আবার সংরক্ষিত সেনাদের (রিজার্ভ) ডাকা হবে, পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে ফিরতে হবে এবং সরকারকে ব্যাখ্যা দিতে হবে—আগের সামরিক অভিযানে যা অর্জন করা যায়নি, নতুন অভিযান থেকে কী অর্জন সম্ভব।
জাবারিনের মতে, ইরানকে ঘিরে নতুন সংঘাতের বিতর্কে ইসরাইলের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, ‘এখনই কেন?’
তিনি বলেন, নতুন যুদ্ধ শুরুর জরুরি প্রয়োজনের পক্ষে যুক্তি দুর্বল হলে, বিশেষ করে ওয়াশিংটন এর বিরোধিতা করলে এবং ইসরাইলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা আপত্তি জানালে, বিষয়টি রাজনৈতিক এজেন্ডা পরিবর্তনের চেষ্টা হিসেবে দেখা হতে পারে। বিশেষ করে আইজেনকোট যখন নতুন সরকার গঠনের চেষ্টা করছেন, তখন এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবে।
যুক্তরাষ্ট্রের সমর্থনও বড় বাধা
দেশের অভ্যন্তরীণ রাজনীতির বাইরে ইরানে নতুন করে হামলা শুরুর ক্ষেত্রে নেতানিয়াহুর জন্য বড় বাধা হতে পারে ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের অবস্থান। ওয়াশিংটন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিবর্তে দেশটির ওপর অর্থনৈতিক চাপের অভিযান আরো জোরদার করছে তারা।
নেভ গর্ডন বলেন, নেতানিয়াহুর সমস্যা ইসরাইলের জনগণ নয়, বরং যুক্তরাষ্ট্রের আগ্রহ কমে যাওয়া।
ইসরাইল-ফিলিস্তিন সংঘাতবিষয়ক বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানী অ্যান্ডার্স পারসন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে নতুন সামরিক অভিযান চালাতে পারলে নেতানিয়াহুর জন্য তা বাস্তবায়ন করা সহজ হবে।
তবে তিনি আলজাজিরাকে বলেন, নেতানিয়াহু যত প্রকাশ্যে ইরানকে উসকানি দেবেন এবং ট্রাম্পের কাছ থেকে যত কম সমর্থন পাবেন, তার পক্ষে এমন অভিযান চালিয়ে পার পাওয়া তত কঠিন হবে। একই সঙ্গে ইসরাইলের জনগণের কাছেও এ ধরনের অভিযান গ্রহণযোগ্য করে তোলা কঠিন হবে।
আগেও তত্ত্বাবধায়ক সরকারের সময় যুদ্ধ চালিয়েছে ইসরাইল
ইসরাইলের তত্ত্বাবধায়ক সরকার এর আগেও সামরিক অভিযান চালিয়েছে। এমনকি একবার সেই সরকারের নেতৃত্বে ছিলেন নেতানিয়াহু নিজেই।
২০২১ সালের মে মাসে তার দল পার্লামেন্ট নির্বাচনে আসন হারানোর কয়েক সপ্তাহ পর এবং নতুন সরকার গঠনের আলোচনা চলার মধ্যেই গাজায় ১১ দিনের সামরিক অভিযান শুরু করেন নেতানিয়াহু। ওই অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ২৬০ জন নিহত হন। ইসরাইলেও ১৩ জনের মৃত্যু হয়।
ওই সংঘাতের কারণে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর প্রচেষ্টা সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়েছিল। তবে পরের মাসেই নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান ঘটে।
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ইয়ার লাপিদও তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকার সময় গাজায় সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন। তাদের মধ্যে ওলমার্টের নেতৃত্বে ২০০৮ সালে চালানো অভিযান ছিল সবচেয়ে প্রাণঘাতী। ওই অভিযানে প্রায় ১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



