যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) কোথাও ‘৬০ দিনের সময়সীমা’র কোনো বিধান নেই বলে জানিয়েছে ইরান। সোমবার তেহরানে সংবাদ সম্মেলনে একথা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি জানান, সমঝোতায় ৬০ দিনের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই; বরং ওই সময়ের মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনা শুরুর কথা বলা হয়েছিল।
যুক্তরাষ্ট্র শুরু থেকেই সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তিনি।
ইরান বলেছে, ইসলামি প্রজাতন্ত্র কখনো কোনো ধরনের চাপ, হুমকি বা সময়সীমার কাছে নতি স্বীকার করে নিজেদের নীতি নির্ধারণ করে না। দেশের জাতীয় স্বার্থ ও পরিস্থিতি বিবেচনা করেই তেহরান সিদ্ধান্ত নেবে।
তেহরানের ভাষ্য অনুযায়ী, সমঝোতা স্মারকে কেবল দুটি বিষয়-‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’ ও ‘পরমাণু ইস্যু’—নিয়ে আলোচনার জন্য ৬০ দিনের একটি সময় নির্ধারণ করা হয়েছিল। ওই সময়ের মধ্যে কোনো ফলাফল না এলে তা আরো বাড়ানোর সুযোগও ছিল।
তিনি আরো জানান, ১৮ জুন সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ব্যাপক ও গুরুতরভাবে এর শর্ত লঙ্ঘন করে। ফলে এ বিষয়ে কোনো আলোচনা আর শুরুই হয়নি।
এ কারণে ৬০ দিনের সময়সীমা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টিও পরবর্তীতে পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে পড়ে।
তার মতে, ব্যর্থতা আড়াল করতে যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের লক্ষ্য পরিবর্তনের চেষ্টা করছে। বাঘাই আরো বলেন, যুক্তরাষ্ট্রের উদ্বেগ এখন হরমুজ প্রণালিকে ঘিরে। এ পরিস্থিতিতে ওয়াশিংটনের উচিত দ্রুত সরে যাওয়া। মুখপাত্র বলেন, সাম্প্রতিক দুই যুদ্ধ থেকে আঞ্চলিক দেশগুলো বুঝতে পেরেছে, যুক্তরাষ্ট্র নির্ভরযোগ্য অংশীদার নয় এবং মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতি নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।
সূত্র: বার্তা সংস্থা তাসনিম
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


