আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যপ্রাচ্যে ১০ হাজার সেনা পাঠানোর চিন্তা করছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে ১০ হাজার সেনা পাঠানোর চিন্তা করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে আরো ১০ হাজার সেনা পাঠানোর কথা বিবেচনা করছে পেন্টাগন। এ বিশাল সংখ্যক সেনা ইরানে দেশটির বিভিন্ন অভিযানের উদ্দেশ্যেই পাঠান হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার তাদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

এসব বিষয়ে অবগত দেশটির এক কর্মকর্তার বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের হাতে মধ্যপ্রাচ্যে যাতে আরো সামরিক বিকল্প থাকে সে লক্ষ্যে অতিরিক্ত সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পেন্টাগন এ সেনা পাঠানোর অনুমোদন পাওয়ার অর্থ হল, অঞ্চলটিতে আরো সেনা সদস্য ছাড়াও আরো বিস্ফোরক ও সাজোয়া যান প্রবেশ করবে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হওয়া ৫ হাজার মেরিন সেনা ও ৮২ এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপারদের সঙ্গে যোগ দেবে তারা।

বিজ্ঞাপন

এর আগে ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের দাবি না মানলে ইরান ‘সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নে’ পরিণত হবে। এসব দাবির মধ্যে রয়েছে হরমুজ প্রণালি খুলে দেয়া এবং পারমাণবিক কর্মসূচি বন্ধ করা। তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেয়ার কথাও বলেন।

এদিকে গত বুধবার ইরানের এক কর্মকর্তা জানান, ওয়াশিংটন যদি তাদের ভূখণ্ডে স্থল অভিযান চালায়, তবে তেহরান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সক্রিয় করে লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে প্রতিশোধ নেবে।

ইরান যদি সত্যিই হুতিদের দিয়ে জাহাজে হামলা করায় তাহলে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সংঘাতের এ যুদ্ধে আরেকটি নতুন রণক্ষেত্র তৈরি হবে। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন, ইরানে সরাসরি সেনা পাঠানোর কোনো পরিকল্পনা তার নেই।

ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, বিবেচনাধীন অতিরিক্ত সেনা মধ্যপ্রাচ্যের ঠিক কোন এলাকায় পাঠানো হবে তা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, তারা ইরানের মূল ভূখণ্ড এবং গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপের আশপাশে থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন