ইউরোপে তীব্র দাবদাহ

তাপদাহে ফ্রান্সে ৭ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

তাপদাহে ফ্রান্সে ৭ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

পশ্চিম ইউরোপের একটি বড় অংশজুড়ে গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে। এর ফলে ফ্রান্সে সাতজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকটি দেশে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়েছে।

ফ্রান্সে গত সোমবার ও মঙ্গলবার মে মাসের ইতিহাসে সবচেয়ে গরম দিন রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা মেতেও ফ্রান্স জানিয়েছে, এই তাপপ্রবাহ চলতি সপ্তাহজুড়ে স্থায়ী হতে পারে এবং কিছু এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

বিজ্ঞাপন

ফরাসি সরকারের মুখপাত্র মোদ ব্রেজিওঁ টিএফওয়ান টেলিভিশনকে বলেন, ‘আমি আজ যা বলতে পারি তা হলো, তীব্র গরমের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত সাতজনের মৃত্যু হয়েছে।’

তিনি আরো জানান, এই সাতজনের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

উচ্চচাপ বলয়ের কারণে পশ্চিম ইউরোপের ওপর গরম বাতাস আটকে থাকায় যুক্তরাজ্যেও মে মাসের ইতিহাসে সবচেয়ে গরম দিন রেকর্ড করা হয়েছে। লন্ডনের কাছে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা গত সোমবারের ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

জলবায়ু গবেষক রবার্ট ভটার্ড বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তাপপ্রবাহের মৌসুমের এই সম্প্রসারণ সম্পূর্ণরূপে জলবায়ু পরিবর্তনের প্রভাবের বৈশিষ্ট্য। শেষ পর্যন্ত আমরা এপ্রিল এবং অক্টোবরেও এমন তীব্র গরমের পরিস্থিতি দেখতে পাব।’

স্পেনের আবহাওয়া দপ্তর এইমেত জানিয়েছে, গুয়াদিয়ানা, গুয়াদালকিভির ও এব্রো উপত্যকায় ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ব্যাপক তাপমাত্রা সম্ভবত আগামী শুক্রবার পর্যন্ত বজায় থাকবে। কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

ইতালির লাৎসিও অঞ্চলে (যার মধ্যে রোম অন্তর্ভুক্ত) কর্তৃপক্ষ দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খামার, নির্মাণাধীন এলাকা এবং ডেলিভারি খাতের মতো জায়গায় ‘দীর্ঘ সময় রোদে থাকার’ কাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মেতেও ফ্রান্সের সাময়িক তথ্য অনুযায়ী, ফ্রান্সে জাতীয় তাপ সূচক (দেশজুড়ে গড় তাপমাত্রা) ২৪.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা সোমবারের রেকর্ড ২৪.৬ ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গেছে।

ফ্রান্সের ৯৬টি প্রশাসনিক বিভাগের মধ্যে ১৩টিতে ‘অরেঞ্জ’ এবং ২৯টিতে ‘ইয়েলো’ সতর্কবার্তা জারি করা হয়েছে। ২০০৪ সালে এই সতর্কবার্তা ব্যবস্থা চালুর পর এবারই প্রথম মে মাসে এটি সক্রিয় করা হলো।

জলবায়ু বিজ্ঞানী ক্রিস্টোফ কাসু ল্য মঁদ-কে বলেন, ‘এটি একটি নজিরবিহীন ঘটনা। ১৯৭৯ থেকে ২০২৫ সালের জলবায়ু অনুযায়ী বছরের এই সময়ে এমন পরিস্থিতি হওয়ার সম্ভাবনা হাজারে মাত্র একটি।’

গত সোমবার ফ্রান্সের ৩৫০টিরও বেশি আবহাওয়া স্টেশনে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হওয়ার পর প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান ল্যাকোর্নু তাপপ্রবাহ মোকাবিলায় সরকারের প্রস্তুতি পর্যালোচনার জন্য আগামী বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন।

এদিকে, মেত এরানের তথ্য অনুযায়ী, আয়ারল্যান্ডেও দুটি আবহাওয়া স্টেশনে মে মাসের রেকর্ড ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিভুক্ত করা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন