ফিলিস্তিনপন্থি সুইডিশ শিক্ষাবিদকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ব্রিটিশ সরকারের ভাষ্যমতে, যুক্তরাজ্যে তার উপস্থিতি ‘জনস্বার্থের অনুকূল বলে বিবেচিত নয়’।
এ বিষয়ে একটি ই-মেইল হাতে পেয়েছে আলজাজিরা। এতে দেখা যায়, বুধবার যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুইডিশ নাগরিক আন্দ্রেয়াস মালমের ‘ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন’ (ইটিএ) বাতিল করেছে।
আগামী সপ্তাহে লন্ডনে ব্রিটিশ সমাজতান্ত্রিক সাময়িকী ট্রিবিউন আয়োজিত একটি প্যানেল আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল মালমের। ওই আলোচনায় প্যালেস্টাইন অ্যাকশনের সহপ্রতিষ্ঠাতা হুদা আম্মোরিও অংশ নেওয়ার কথা রয়েছে।
সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, জলবায়ু কর্মী ও লেখক আন্দ্রেয়াস মালম আল জাজিরাকে বলেন, প্যানেল আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল বলেই তার ইটিএ বাতিল করা হয়েছে বলে তার ধারণা। তিনি বলেন, কয়েক দশক ধরে নিয়মিত যুক্তরাজ্যে যাতায়াত করলেও এবার কোনো পূর্বাভাস ছাড়াই তার অনুমতি বাতিল করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র দপ্তরের কাছে ব্যাখ্যা চাইলেও এখনো কোনো জবাব পাননি।
বাতিলের ইমেইলে তাকে নতুন করে ভিসার আবেদন করতে বলা হয়েছে। তবে যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট অনুযায়ী, সাধারণ ভিজিটর ভিসা পেতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে। ফলে নির্ধারিত আলোচনায় অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হবে না।
যুক্তরাজ্য সরকারের এ সিদ্ধান্তকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখছেন মালমের সমর্থকেরা। লেখিকা স্যালি রুনি তাকে একজন প্রভাবশালী বুদ্ধিজীবী উল্লেখ করে সিদ্ধান্তটির সমালোচনা করেছেন।
উল্লেখ্য, গত বছর যুক্তরাজ্য সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর সংগঠনটির প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর অভিযোগে তিন হাজার ৮৫০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মালমের ভাষায়, এটি যুক্তরাজ্যে কর্তৃত্ববাদী প্রবণতার বিস্তারেরই অংশ। তার মতে, কোনো অপরাধ না করেও কেবল একটি আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনার কারণে তাকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, যা ‘সম্পর্কের দায়ে অপরাধী সাব্যস্ত করার’ শামিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


