সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেছেন। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে আলোচনা হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা উদ্ধৃত বিবৃতিতে বলা হয়, আল শারা সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়াকে সমর্থন এবং দেশজুড়ে স্থিতিশীলতা জোরদারের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় সিরিয়া সরকার ও এসডিএফ গোষ্ঠীর মধ্যে হওয়া সাম্প্রতিক বিস্তৃত চুক্তির বিষয়টিও উঠে আসে। ম্যাক্রোঁ চুক্তিটির প্রতি সমর্থন জানান এবং সিরিয়ার ঐক্য ও সার্বভৌমত্ব নিশ্চিত করে এটি বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ম্যাক্রোঁ আরো বলেন, সিরিয়া ও সিরিয়ার জনগণকে স্থিতিশীলতা, ন্যায়বিচার ও পুনর্গঠনের পথে এগিয়ে নিতে ফ্রান্স সমন্বয় অব্যাহত রাখবে।
এর আগে শুক্রবার দামেস্ক ঘোষণা করে, সিরিয়া সরকার ও এসডিএফের মধ্যে একটি সর্বাত্মক যুদ্ধবিরতি এবং ধাপে ধাপে বাস্তবায়নের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী দুই পক্ষ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং সামরিক ও প্রশাসনিক কাঠামো একীভূত করার প্রক্রিয়া শুরু হবে।
চুক্তিতে আরো বলা হয়, সংঘর্ষ-সংলগ্ন এলাকা থেকে বাহিনী প্রত্যাহার করা হবে এবং উত্তর-পূর্ব সিরিয়ার হাসাকা ও কামিশলি শহরের কেন্দ্রগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। এর মাধ্যমে স্থিতিশীলতা ফেরানোর উদ্যোগ জোরদার করা হবে।
এই সমঝোতার লক্ষ্য হিসেবে সিরিয়ার ভূখণ্ড একীভূত করা, রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং পূর্ণ প্রাতিষ্ঠানিক একীভূতকরণ এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ জানুয়ারি সিরিয়া সরকার ও এসডিএফ একটি যুদ্ধবিরতি ও একীভূতকরণ চুক্তি করলেও পরে দামেস্ক অভিযোগ করে, এসডিএফ বারবার ‘গুরুতর’ লঙ্ঘন করেছে। সর্বশেষ চুক্তিটি আসে সিরীয় সেনাবাহিনীর সামরিক অভিযানের পর, যেখানে পূর্ব ও উত্তর-পূর্ব সিরিয়ার বড় অংশ পুনর্দখল করা হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


খাশোগি হত্যা নিয়ে এপস্টেইন ফাইলসে চাঞ্চল্যকর তথ্য
বেলুচিস্তান হামলার নেপথ্যে ভারত, দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে: খামেনি