ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড, কঠিন চাপে ট্রাম্প
ছবি: সংগৃহীত।

চলতি বছর আমেরিকায় শ্রমিক দিবসের ছুটির সপ্তাহের শেষে জ্বালানি তেলের দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এতে ‘ড্রিল, বেবি, ড্রিল’ স্লোগান দিয়ে সাশ্রয়ী জ্বালানির প্রতিশ্রুতি দেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আরো চাপ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

ইরানের সঙ্গে ট্রাম্পের যুদ্ধ শুধু পেট্রোলের দামই বাড়াচ্ছে না। আধুনিক অর্থনীতির গুরুত্বপূর্ণ জ্বালানি ডিজেলের দামও শুক্রবার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। একইভাবে উড়োজাহাজের জ্বালানির দামও ব্যাপক বেড়েছে। এর ফলে বিভিন্ন এয়ারলাইন ভাড়া ও লাগেজের ফি বাড়ানোর পাশাপাশি কম লাভজনক ফ্লাইট কমিয়ে দিচ্ছে।

জ্বালানির এই মূল্যবৃদ্ধি আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের ওপর সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার চাপ বাড়িয়েছে।

চলতি সপ্তাহে ট্রাম্প বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। তিনি তেল শোধনাগার কোম্পানির নির্বাহীদের হোয়াইট হাউসে ডেকে পাঠিয়েছেন, ভেনেজুয়েলার সঙ্গে বড় ধরনের তেল চুক্তির ঘোষণা দিয়েছেন এবং হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা ট্যাংকারে ইরানের হামলার জবাবে নতুন করে বিমান হামলা চালিয়েছেন।

এর আগে জ্বালানি সরবরাহ দ্রুত করতে ট্রাম্প প্রশাসন বিভিন্ন বিধিনিষেধ শিথিল করেছে। পাশাপাশি কৌশলগত মজুত থেকে জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ তেল ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে দেশটির স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভের মজুত ১৯৮০-এর দশকের শুরুর পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

তবে হোয়াইট হাউসকে চাপে ফেলা এই সংকটের সহজ কোনো সমাধান নেই।

যুক্তরাষ্ট্রের শোধনাগারগুলো দেশের বাইরে কমে যাওয়া পরিশোধন সক্ষমতার ঘাটতি পূরণে সর্বোচ্চ সক্ষমতায় উৎপাদন করছে। অন্যদিকে ভেনেজুয়েলা থেকে বড় পরিমাণে অতিরিক্ত তেল সরবরাহ শুরু হতে বহু বছর লাগতে পারে—সম্ভবত ২০৩৫ সালের আগে নয়।

পিকারিং এনার্জি পার্টনার্সের প্রতিষ্ঠাতা ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা ড্যান পিকারিং বলেন, ‘বাস্তবতা হলো, স্বল্পমেয়াদে পেট্রোলের দাম নিয়ে প্রশাসনের পক্ষে খুব বেশি কিছু করা কঠিন। তারা ইতোমধ্যে সম্ভাব্য প্রায় সব পদক্ষেপই নিয়েছে।’

বৃহস্পতিবার গ্যাসের দাম যুদ্ধের আগের পর্যায়ে কবে ফিরবে, সে বিষয়ে কোনো সময়সীমা দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি কবে ৩ ডলারে ফিরে আসবে, সে বিষয়ে আমি কোনো প্রতিশ্রুতি দিতে যাচ্ছি না।’

সূত্র: সিএনএন

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...