পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৬ সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় দুই পাকিস্তানি সেনাসদস্যও নিহত হন। শনিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের মির আলি, দত্তা খেল ও আশপাশের এলাকায় এসব অভিযান চালানো হয়। এর মধ্যে আলি খেল এলাকায় সংঘর্ষে দুই আফগান নাগরিকসহ ১২ জন, মির আলি ও দত্তা খেল এলাকায় আরো চারজন নিহত হন।
নিহত সেনাসদস্যরা হলেন হাবিলদার আসমত আলি ও নায়েক আফতাব আলি। তারা যথাক্রমে সোয়াবি ও মারদান জেলার বাসিন্দা।
অভিযান শেষে নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। বাকি জঙ্গিদের ধরতে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময়ে পাকিস্তানে সহিংসতায় নিহতদের প্রায় ৯৬ শতাংশই এ দুই প্রদেশের। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়ায় ৪৭৫ জন এবং বেলুচিস্তানে ২৬৫ জন নিহত হন। একই সময়ে দেশজুড়ে সংঘটিত সহিংস ঘটনার ৫৭ শতাংশই ছিল খাইবার পাখতুনখোয়ায়।
সূত্র: জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




