ইসরাইলি বসতি থেকে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা, ‘বড় পরিবর্তনের ইঙ্গিত’: আলবেনিজ

ইসরাইলি বসতি থেকে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা, ‘বড় পরিবর্তনের ইঙ্গিত’: আলবেনিজ
জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবেনিজ। ছবি: রয়টার্স

অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য রপ্তানিতে যুক্তরাজ্যের নেতৃত্বে নিষেধাজ্ঞার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবেনিজ। তবে তিনি বলেছেন, এই পদক্ষেপ যথেষ্ট নয়।

বিজ্ঞাপন

আল-জাজিরার ‘ইনসাইড স্টোরি’ অনুষ্ঠানে আলবেনিজ বলেন, যুক্তরাজ্যের নীতিতে এই পরিবর্তন ‘সম্ভাব্যভাবে বড় ধরনের’ প্রভাব ফেলতে পারে। তবে এই নিষেধাজ্ঞা শুধু অধিকৃত পশ্চিম তীরের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়।

আলবেনিজ বলেন, ইসরাইলের দখলদারির আওতায় পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকাও রয়েছে। তাই দখলদারিকে শুধু পশ্চিম তীরের মধ্যে সীমাবদ্ধ করে দেখা ভুল।

তিনি আরো বলেন, ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরাইলের দখলদারিত্বকে অবৈধ বলে স্বীকৃতি দিয়েছে। এই দখলদারিত্ব পুরোপুরি ও নিঃশর্তভাবে অবসান করা উচিত।

আলবেনিজ একই সঙ্গে তদন্ত কমিশনের কাজের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তার ভাষ্য, ওই তদন্ত কমিশন উপসংহারে বলেছে, ইসরাইল গণহত্যা চালাচ্ছে।

আলবেনিজের মতে, ইসরাইলি বসতি থেকে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা ইসরাইলকে ফিলিস্তিনের অবশিষ্ট ভূখণ্ডে ‘অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে’ চাপ দিতে পারে।

তিনি বলেন, যুক্তরাজ্যের এই পদক্ষেপ অন্তত ভাষা ও অবস্থানের দিক থেকে একটি ‘অবিশ্বাস্য পরিবর্তন’। এ জন্য তিনি যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানান।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন