গাজায় ইসরাইলি হামলায় ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ (সোমবার) ভোর থেকে চালানো হামলায় তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে খান ইউনিসে বাস্তুচ্যুতদের তাঁবুতে চালানো হামলায় ছয়জন মারা যায়। এছাড়া দেইর এল-বালাহে আরেকটি তাঁবুতে হামলায় চারজনের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরা।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, দেইর এল-বালাহর কাছাকাছি এলাকায় দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ার কাছে সাহায্যের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলায় দু'জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫৩ জন।
আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, ইসরাইলি বাহিনী দক্ষিণ গাজা সিটিতে ব্যাপক হামলা চালিয়ে ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে।
গাজায় দুই বছর ধরে চালানো গণহত্যায় ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পুরোর গাজা দখলের পরিকল্পনার অংশ হিসেবে সেখানে হামলা জোরদার করেছে ইসরাইল। ইসরাইলের অব্যাহত হামলায় গাজা সিটি এখন ধ্বংসপ্রাপ্ত এক নগর। সোমবার ভোর থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন; যাদের মধ্যে ১৪ জন মারা যান ত্রাণ সহায়তা আনতে গিয়ে।
রোববারও বিমান হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিলো গাজা সিটি। হামলায় মারা যায় অন্তত ৬০ জন।
এদিকে, গাজায় যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাব মেনে নিয়েছে হামাস। সেইসঙ্গে যুদ্ধ শেষ করতে আলোচনা শুরু করতেও প্রস্তুত তারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি মধ্যস্থতাকারীদের এমনটা জানিয়েছে। সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী হামাস।
তবে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



