সেনাবাহিনীকে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নির্দেশ ইসরাইলের

আতিকুর রহমান নগরী

সেনাবাহিনীকে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নির্দেশ ইসরাইলের
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজার একটি অংশে ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তার দাবি, চুক্তি অনুযায়ী গাজা উপত্যকার এই অংশটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর

সামাজিকমাধ্যম এক্সে কাৎজ লেখেন, ‘সেনা এবং ইসরাইলি নাগরিকদের সুরক্ষার পাশাপাশি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে থাকা ‘হলুদ অঞ্চলে’ সুড়ঙ্গ ধ্বংসকে অগ্রাধিকার দিতে আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি।’

বিজ্ঞাপন

তিনি জানান, হামাসকে নির্মূল করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি আরো বলেন, মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতসহ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডে সকল সুড়ঙ্গ ভেঙে ধ্বংস এবং হামাসকে নিরস্ত্র করার কাজ চলছে।

কাৎজ বলেন, গাজায় বিজয় অর্জন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য হলো হামাসের সুরঙ্গ ধ্বংস ও তাদেরকে নিরস্ত্র করা। ৬০ শতাংশ সুরঙ্গ এখনো রয়ে গেছে বলেও জানান তিনি।

গত ১০ অক্টোবর আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মধ্যে পর্যায়ক্রমে গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।

প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং আংশিক ইসরাইলি সেনা প্রত্যাহার করতে হবে। শান্তি পরিকল্পনায় গাজা পুনর্নির্মাণ এবং হামাসকে বাদ দিয়ে একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় ৬৮ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে এক লাখ ৭০ হাজারের বেশি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন