সিরিয়ায় চলমান অস্থিতিশীলতা ও অরাজকতা প্রসঙ্গে ইসরাইল এবং সিরিয়ার কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজি-কে কড়া সতর্কবার্তা দিয়েছে তুরস্ক। আঙ্কারায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই সতর্কবার্তা দেন।
বুধবার তুরস্কভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান বলেন—সিরিয়াকে দুর্বল করে রাখা ইসরাইলের কৌশল, আর অরাজকতা থেকে লাভবান হওয়ার জন্যই সেটা করা হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, দক্ষিণ সিরিয়া দখল এবং গত মাসে সুয়ায়দায় দ্রুজ সম্প্রদায়ের মধ্যে মারাত্মক অস্থিরতার শুধু দেশটিকেই নয়, গোটা অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করবে।
ওয়াইপিজি প্রসঙ্গে তিনি বলেন, গোষ্ঠীটি যেন উত্তর সিরিয়ায় নিজেদের আধিপত্য বিস্তার ও বিভাজনের প্রচেষ্টা বন্ধ করে এবং সময় নষ্ট না করে সিরিয়ার জাতীয় কাঠামোর সঙ্গে যুক্ত হয়। ফিদান স্পষ্ট করে জানান, তুরস্ক কোনো দখলের চেষ্টা করছে না, তবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, ওয়াইপিজি হলো পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর মার্কিন-সমর্থিত সিরিয়ান শাখা। গৃহযুদ্ধের সময় তারা উত্তর সিরিয়ার তেল সমৃদ্ধ অঞ্চল দখল করে এবং দায়েশ তথা আইএস সন্ত্রাসীদের অবশিষ্টাংশ তাড়িয়ে দেওয়ার আড়ালে ওয়াশিংটন থেকে সামরিক ও আর্থিক সহায়তা পায়।
গোষ্ঠীটি মার্চ মাসে সিরিয়ার নতুন সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে; যা দামেস্কের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয় এবং সিরিয়ার সেনাবাহিনীতে এই গোষ্ঠীর একীভূতকরণের শর্ত দেয়। তবে ওয়াইপিজি একটি বিকেন্দ্রীভূত সিরিয়ার ওপর জোর দেয় এবং সেনাবাহিনীকে একটি ব্লক হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

