ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ। ছবি: এনডিটিভি

ভারতের উত্তর প্রদেশের বাগপত জেলায় দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর (প্রেসিডেন্টস বডিগার্ড) এক সেনাসদস্য। গুলিটি তার মাথায় লাগে। আহত সেনাসদস্য সৌরভ তোমর বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দীপাবলি উপলক্ষে বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন সৌরভ। এ সময় গ্রামের দুই বাসিন্দা ধীরজ ও তার ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

বিজ্ঞাপন

অভিযোগ, উত্তেজনার মধ্যে ধীরজ একটি দেশীয় পিস্তল বের করে গুলি চালান। একটি গুলি প্রথমে দেয়ালে আঘাত করে পরে সৌরভের মাথায় লাগে। তার কানের ঠিক পেছনে গুলিটি বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সৌরভ।

একই সময়ে ধীরজের ভাই লাঠি নিয়ে এসে বিনীতের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। পাল্টা সংঘর্ষে মিন্টু লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন। গোলাগুলি ও সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজন ছত্রভঙ্গ হয়ে যান। পরে অভিযুক্তরা পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে আগে থেকেই পরিচয় ও সুসম্পর্ক ছিল। তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন। তবে প্রায় দুই মাস আগেও তাদের মধ্যে একবার বিরোধের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টস বডিগার্ডের সদস্য হিসেবে কর্মরত। ভারতীয় সেনাবাহিনীর প্রাচীনতম ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট হিসেবে পরিচিত এই বাহিনীতে কর্মরত সৌরভ দীপাবলি উদ্‌যাপনে ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন