মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আদালত যদি শুল্ক আরোপ নিয়ে তার বিরুদ্ধে রায় দেয়, তাহলে ১৯২৯ সালের মতো মহামন্দা নেমে আসবে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। খবর সিএনএনের।
ট্রাম্প বলেন, ‘তার ক্ষমতা খর্ব করা হলে, মার্কিন অর্থনীতিতে আবারো ১৯২৯ সালের মতো চরম বিপর্যয় নেমেবে আসবে, যা হবে খুবই হতাশার!’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্কের অর্থ, সম্পদ সৃষ্টি এবং প্রভাবকে ধ্বংস করতে যদি কোনো কট্টরপন্থি বাম আদালত তার বিরুদ্ধে রায় দেয়, তাহলে এই বিশাল অঙ্কের অর্থ এবং সম্মান পুনরুদ্ধার করা বা ফেরত দেওয়া অসম্ভব হবে।’
শুক্রবার ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, তার জরুরি ক্ষমতার বিরুদ্ধে রায় দেওয়া হলে তা হবে ‘বিচারিক ট্র্যাজেডি’, যা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে পুনরুদ্ধারের আর কোনো উপায় থাকবে না।
ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে দাবি করেছেন, তার শুল্কনীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। শেয়ারবাজারে রেকর্ড উত্থান ঘটেছে। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে। শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে শত শত কোটি ডলার ঢুকছে বলেও দাবি তার।
গত মে মাসে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত রায় দেয়, বিদেশি পণ্যে ব্যাপক হারে শুল্ক আরোপে ট্রাম্প নিজের আইনি ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন।
ট্রাম্পের এই মন্তব্যে অবাক হয়েছেন অনেক বিশ্লেষক। যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের পক্ষে অর্থনৈতিক বিপর্যয় নিয়ে সতর্কতা দেওয়া অস্বাভাবিক। সেইসঙ্গে ট্রাম্পের আরোপ করা শুল্ক যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ঝুঁকি হিসেবে মনে করছেন তারা।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



