শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য হুমকির জবাবে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে শত্রুপক্ষের বিরুদ্ধে শক্তিশালী মোকাবিলার জন্য ‘বুদ্ধিদীপ্ত যুদ্ধপ্রস্তুতি’ বজায় রাখার ওপর গুরুত্ব দেন খামেনি। তাঁর মতে, সর্বোচ্চ পর্যায়ের প্রতিরোধক্ষমতা নিশ্চিত করার অন্যতম শর্ত এটি।
খামেনি বলেন, ‘যদি শত্রুরা আবারও কোনো সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তবে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং ইরানি জাতিই নির্ধারণ করবে—সেই হামলার সমাপ্তি কখন এবং কীভাবে ঘটবে।’
এর আগে শনিবার মোজতবা খামেনির এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানানো হয়, তিনি সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাঁদের গুরুত্বপূর্ণ কৌশলগত নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনাগুলো শিগগিরই প্রকাশ করা হবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।
সূত্র: আলজাজিরা
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


