ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আলি আবদোল্লাহি বলেছেন, পারস্য উপসাগরে আর কখনোই মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেবে না তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ নিয়ে শুধু স্বপ্নই দেখতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আবদোল্লাহি বলেন, পশ্চিম এশিয়ায় ধারাবাহিক সামরিক ব্যর্থতার কারণে মার্কিন নৌবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের বিষয়ে ওয়াশিংটনের দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। তার প্রশ্ন, ইরানের সামরিক শক্তি যদি সত্যিই নির্মূল হয়ে থাকে, তাহলে মার্কিন যুদ্ধজাহাজগুলো কেন হরমুজ প্রণালি কিংবা ইরানের জলসীমার কাছে আসতে সাহস করছে না?
ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবিকে পরস্পরবিরোধী ও জনমত বিভ্রান্ত করার অপচেষ্টা বলেও মন্তব্য করেন এই শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখতে ইরানের নেতৃত্ব, জনগণ ও সশস্ত্র বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের জবাবে পশ্চিম এশিয়ায় মার্কিন কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথাও উল্লেখ করেন আবদোল্লাহি। তার দাবি, দীর্ঘস্থায়ী সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আরো গভীর সংকটে নিমজ্জিত হবে।
ছবি: প্রেস টিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


