ইসরাইলি বিমান হামলায় পরিবারের সাত সদস্যসহ গাজার একটি হাসপাতালের পরিচালক ড. মারওয়ান সুলতান নিহত হয়েছেন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। গাজা সিটির উত্তরাঞ্চলে হামলায় পরিবারের সদস্যসহ নিহত তিনি। খবর আল জাজিরার।
ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ড. মারওয়ান সুলতান দীর্ঘ সময় ধরে চিকিৎসা পেশার সাথে যুক্ত ছিলেন।
এই ঘটনাকে গাজার ‘চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে নৃশংস অপরাধ’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি সেনাবাহিনী’র দাবি, গাজা সিটি এলাকায় হামাসের ‘একজন গুরুত্বপূর্ণ সন্ত্রাসীকে‘ লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। হামলায় সেবাসমরিক নাগরিকদের কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা পর্যালোচনা করে দেখা হচ্ছে।
এদিকে কথিত নিরাপদ অঞ্চল আল-মাওয়াসিসহ বিভিন্ন জায়গায় চালানো হামলায় শিশুসহ অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
এরআগে, মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরাইল। এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে উভয় পক্ষের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘কাতার ও মিসর শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে অনেক কষ্ট করেছে। তারাই চূড়ান্ত চুক্তির প্রস্তাব দেবেন। আশা করি, হামাস চুক্তিটি গ্রহণ করবে। তা না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। যদি তারা এটি প্রত্যাখ্যান করে, তাহলে ভবিষ্যতে হয়তো মুখোমুখি হতে হবে আরও কঠিন পরিস্থিতির।’
অন্যদিকে, হামাস যুদ্ধবিরতিতে রাজি না হলে গাজাকে 'ধুলায় পরিণত' করার হুমকি দিয়েছে ইসরাইল। যুক্তরাষ্ট্র-ভিত্তিক অ্যাক্সিওস নিউজ আউটলেট জানায়, ইসরাইলি কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তির আলোচনা শিগগিরই এগিয়ে না গেলে, দেশটির সেনাবাহিনী গাজায় তাদের অভিযান আরো তীব্র করবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


