উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক নিশ্চিত করার আহ্বান কাতারের

উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক নিশ্চিত করার আহ্বান কাতারের

কাতারসহ উপসাগরীয় দেশগুলোর প্রতিবেশী ইরান। তাই সব পক্ষকে অন্তর্ভুক্ত করে এমন একটি নতুন আঞ্চলিক নিরাপত্তাকাঠামো প্রয়োজন, যেখানে উপসাগরীয় দেশগুলো ও ইরান একসঙ্গে থাকবে এবং কোনো পক্ষই অন্য পক্ষের জন্য হুমকি হয়ে উঠবে না। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়ন জরুরি। নিউইয়র্কে কাতার ইকোনমিক ফোরামে দেওয়া বক্তব্যে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি এসব কথা বলেন।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক যুদ্ধ পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে প্রচলিত ধারণাকে বড় ধরনের পরীক্ষার মুখে ফেলেছে। তার ভাষায়, এই যুদ্ধ সবার জন্য একটি ‘জাগরণী সংকেত’ হওয়া উচিত। অঞ্চলটির দেশগুলোকে দায়িত্বশীলভাবে একসঙ্গে কাজ করতে হবে এবং ইরানের সঙ্গে ভালো সম্পর্ক নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, স্থায়ী নিরাপত্তা এমন কোনো ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব নয়, যেখানে কোনো একটি রাষ্ট্রকে সব সময় অনিরাপত্তার মধ্যে রাখা হবে। এজন্য উত্তেজনার উৎসগুলো মোকাবিলা এবং পারস্পরিক আস্থা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। কাতার এ ধরনের একটি আঞ্চলিক ব্যবস্থার জন্য কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের অর্থনৈতিক পারস্পরিক নির্ভরতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তবে ভবিষ্যতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত হলে উপসাগরীয় দেশগুলো যাতে ইরানের হামলার শিকার না হয়, সে জন্য নিরাপত্তা নিশ্চয়তার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ইরানের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাসের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতও সাম্প্রতিক সময়ে সংলাপের ওপর গুরুত্ব দিয়েছে। দেশটির প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পাশাপাশি ইরান ও আরব দেশগুলোর মধ্যেও আলোচনা প্রয়োজন। সৌদি আরবও ইরানের সঙ্গে সম্ভাব্য অনাক্রমণ চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করেছে।

কাতারের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাব উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও অর্থনীতিতেও পড়ছে। ফলে উপসাগরীয় দেশগুলোর একাংশ এখন ইরানকে শুধু প্রতিদ্বন্দ্বী হিসেবে মোকাবিলা করার পাশাপাশি আঞ্চলিক সংলাপ ও নিরাপত্তাব্যবস্থার অংশ করার বিষয়েও গুরুত্ব দিচ্ছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই, সৌদি গ্যাজেট, দ্য ন্যাশনাল নিউজ ও ফিন্যান্সিয়াল টাইমস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...