ইসরাইলি হামলায় গাজায় ইউএনআরডব্লিউএ’র ৩৬০ কর্মীর মৃত্যু

ইসরাইলি হামলায় গাজায় ইউএনআরডব্লিউএ’র ৩৬০ কর্মীর মৃত্যু

গাজায় ইসরাইলের হামলায় জাতিসংঘে ফিলিস্তিন বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ’র কমপক্ষে ৩৬০ জন কর্মী নিহত হয়েছেন। সংস্থাটির নিহত ও আহত কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংস্থাটির প্রধান ফিলিপ লাজ্জারিনি। খবর আল জাজিরার।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, জাতিসংঘের এই সংস্থার ৩৬০ জন কর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন মারা যান কর্মরত অবস্থায়। এছাড়া ইসরাইলি হামলায় নিহত হয়েছেন আরো শত শত কর্মী।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, অন্তত ৫০ জন কর্মীকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। এদের মধ্যে অনেকে আটকের সময় নির্যাতনের শিকার হন বলে জানান তিনি।

গাজায় কর্মরত উএনআরডব্লিউএ’র কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। লাজ্জারিনি বলেন, ‘আমাদের কর্মীরা প্রতিদিন নরক যন্ত্রণা ভোগ করলেও, তারা হাল ছাড়ছেন না। তারা সমর্থন, শ্রদ্ধা ও প্রশংসা পাওয়ার যোগ্য ‘

তিনি বলেন, ‘ফিলিস্তিনি শরণার্থীদের দুর্দশার ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত, কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে কয়েক দশক ধরে চলমান সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত তারা তাদের মিশন চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

গাজায় দুই বছর ধরে চালানো গণহত্যায় ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা দখলে সামরিক অভিযান জোরদার করেছে ইসরাইল। আজ (সোমবার) ভোর থেকে ইসরাইলি হামলায় ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খান ইউনিসে বাস্তুচ্যুতদের তাঁবুতে চালানো হামলায় ছয়জন মারা যায়। এছাড়া দেইর এল-বালাহে আরেকটি তাঁবুতে হামলায় চারজনের মৃত্যু হয়েছে।

এদিকে, গাজায় যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাব মেনে নিয়েছে হামাস। সেইসঙ্গে যুদ্ধ শেষ করতে আলোচনা শুরু করতেও প্রস্তুত তারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি মধ্যস্থতাকারীদের এমনটা জানিয়েছে।

তবে এ বিষয়ে এখনো কোন কিছু জানায়নি ইসরাইল।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন