অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের বিতর্কিত অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানসহ ২১টি দেশ। তাদের মতে, ইসরাইলের এ পদক্ষেপ ফিলিস্তিনিদের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে অসম্ভব করে তুলবে। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ২১টি দেশ ইসরাইলের বসিত নির্মাণ পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করে। বিবৃতিতে তারা বলেন, ‘আমরা এই সিদ্ধান্তের নিন্দা জানাই এবং কঠোর ভাষায় অবিলম্বে এ পরিকল্পনা প্রত্যাহারের আহ্বান জানাই।’
জেরুজালেমের পূর্বে ১২ বর্গকিলোমিটার জমিতে বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরাইলে। এই পরিকল্পনা অনুযায়ী ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য তিন হাজার ৪০০টি নতুন বাড়ি তৈরি করা হবে। এরফলে অধিকৃত পশ্চিম তীরের বেশিরভাগ অংশ অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানীর জন্য পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।
২১টি দেশের এই গ্রুপে রয়েছে বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
তারা বলছেন, ১এই অবৈধ বসতি নিরাপত্তা বিঘ্নিত হবে এবং সহিংসতা ও অস্থিতিশীলতা আরো ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। এসব কারণে এই পরিকল্পনা ইসরাইলি জনগণের জন্য কোনো সুবিধা বয়ে আনবে না।’
গত সপ্তাহে ইসরাইল প্রথমবারের মতো ই-১ বসতি স্থাপনের ঘোষণা দেওয়ার পর থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ইউরোপীয় কমিশন এবং জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বসতি স্থাপনের পরিকল্পনার বিরোধিতা করেছেন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



