গাজায় ইসরাইলের হামলায় ৫০ জন নিহত

গাজায় ইসরাইলের হামলায় ৫০ জন নিহত

গাজায় ইসরাইলের অব্যাহত সামরিক হামলায় কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে নয়জন ত্রাণপ্রার্থীও রয়েছেন। এছাড়া অনাহারে মারা গেছেন আরো দু’জন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে ড্রোন হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। মধ্য গাজার সালাহ আল-দিন স্ট্রিটে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অপেক্ষারত বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি বাহিনী। এতে আরো পাঁচজন নিহত হন।

বিজ্ঞাপন

মধ্য গাজার নেতজারিম করিডোরের কাছে সাহায্যের জন্য অপেক্ষারত আরো একজন নিহত হন। গাজা শহরের আল-তুফাহ এলাকায় ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

গাজা সিটির সাবরায় ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন। একই এলাকায় একটি বাড়িতে হামলায় ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন শিশুসহ আটজন । পাশাপাশি গাজা সিটির উত্তর-পশ্চিমে আল-শান্তি এলাকায় এক বাড়িতে পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন।

শেখ রাদওয়ানে একটি অ্যাপার্টমেন্টে হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। একই জেলায় বারাকা শেখ রাদওয়ানের কাছে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে কামানের গোলার আঘাতে এক শিশু ও তার মা নিহত হন।

খান ইউনিসের নাসের হাসপাতালের চিকিৎসা কর্মীরা জানায়, রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় আরো তিনজন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলের সামরিক অভিযানের ফলে দুর্ভিক্ষের মুখোমুখি উপত্যকাটি ধ্বংস হয়ে গেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন