হরমুজ প্রণালিতে জাহাজে হামলা অক্টোবরে রেকর্ড ছুঁয়েছে

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা অক্টোবরে রেকর্ড ছুঁয়েছে
ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা চলতি অক্টোবরে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এ মাসে এখন পর্যন্ত অন্তত ২৮টি হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে এ প্রণালিতে হামলার সংখ্যা বেড়ে ১১৩টিতে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সংকলিত তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিষ্ঠানটির হিসাবের সঙ্গে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্যেরও মোটামুটি মিল রয়েছে। আইএমওর হিসাবে, যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে মোট ১২০টি হামলা ও সংশ্লিষ্ট ঘটনার তথ্য নথিভুক্ত করা হয়েছে।

তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) আরো বেশি ঘটনার খবর পেয়েছে। সংস্থাটি জানিয়েছে, গত ১৬ অক্টোবর পর্যন্ত তারা ১৩৫টি ঘটনার তথ্য পেয়েছে। ইউকেএমটিও সতর্ক করে বলেছে, প্রকাশিত তথ্যের হিসাবে সব হামলার ঘটনা উঠে না-ও আসতে পারে।

আইএমওর তথ্যের ভিত্তিতে রয়টার্সের করা হিসাব অনুযায়ী, চলমান সংঘাতে বিশ্বের সুপারট্যাংকার বহরের ৩ দশমিক ৫ শতাংশ হামলার শিকার হয়েছে। বিশ্বে এ ধরনের জাহাজের সংখ্যা ৯০০টির বেশি।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এ পথে জাহাজে হামলার ঘটনা বাড়তে থাকায় বাণিজ্যিক নৌপরিবহন ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন