গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান
গত ৭ নভেম্বর গাজা উপত্যকায় ভারী বর্ষণের ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুগুলো প্লাবিত হয়েছে।

গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। শীত পুরোপুরি জেঁকে বসার আগেই গাজার মানবিক পরিস্থিতির উন্নতির করার এখনই সময় বলে মনে করছেন তারা।

বিজ্ঞাপন

চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে গাজার পরিস্থিতিকে ‘সম্পূর্ণভাবে পরিবর্তনযোগ্য’ উল্লেখ করে বলেন, শীত পুরোপুরি শুরু হওয়ার আগে পদক্ষেপ নেওয়ার এখনো সময় রয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বন্যা গাজাবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। অথচ শীতের মৌসুমে এটিই ছিল প্রথম ঝড়।

তারা বলেন, গাজার মানুষের জরুরিভিত্তিতে আশ্রয় ও মানবিক সহায়তা প্রয়োজন। কিন্তু ১ লাখ ৫০ হাজার তাঁবুসহ জীবনরক্ষাকারী বিভিন্ন ত্রাণসামগ্রী সীমান্তে আটকে রাখা হয়েছে। এসব সামগ্রী গাজায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বিবৃতিতে ইসরাইল সরকারকে অবিলম্বে ত্রাণ প্রবেশে বিলম্ব বন্ধ করার আহ্বান জানিয়ে বলা হয়, গাজার সর্বত্র দ্রুত ও নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে হবে। সীমান্ত ক্রসিংগুলো খুলে দিতে হবে এবং তাবু প্রবেশের অনুমতি দিতে হবে।

এ ছাড়া মানবিক কার্যক্রম ও প্রাথমিক পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য (বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহার করা যায় এমন সামগ্রী) গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। দেরি হয়ে যাওয়ার আগেই এসব পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন