মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মিশরে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তি চুক্তি স্বাক্ষরের পর তিনি এ প্রতিশ্রুতি দেন। তিনি এ চুক্তিকে ‘সবচেয়ে বড় চুক্তি’ হিসেবে অভিহিত করেছেন। খবর আল জাজিরার।
ট্রাম্প বলেন, ‘এই চুক্তির মাধ্যমে সন্ত্রাস ও মৃত্যুর যুগের সমাপ্তি এবং বিশ্বাস, আশা এবং ঈশ্বরের যুগের সূচনা হলো।’
তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের সকল জাতির জন্য বিশাল ঐক্য এবং স্থায়ী সম্প্রীতির সূচনা হবে। ট্রাম্প বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোরের সূচনা।’
ট্রাম্প তার বক্তব্যজুড়ে গাজা চুক্তিকে এই অঞ্চলের সকল সমস্যার একটি সর্বাত্মক সমাধান হিসেবে চিত্রিত করেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শান্তি চুক্তিকে আখ্যা দিয়েছেন ‘দ্য বিগেস্ট ডিল’ বা ‘সবচেয়ে বড় চুক্তি’ হিসেবে।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, যিনি দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ মুহূর্তে উপস্থিত হতে অস্বীকৃতি জানান।
শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিশরের উপকূলীয় শহর শারম আল-শেখে, যেখানে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন। গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি সই হয়।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

