‘ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে রাজনৈতিক চাপের মধ্যে ছিলেন, তা আমি বুঝতাম। কিন্তু ইসরাইলের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষার পরিবর্তে নিজের রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়ার বিষয়টি আমাকে হতাশ করেছিল।’
সম্প্রতি প্রকাশিত নিজের স্মৃতিকথা প্রমিজ মি, আমেরিকা-তে এসব কথা লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।
বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর নিজের আস্থার ঘাটতির কথা প্রকাশ করে নতুন স্মৃতিকথায় তিনি লিখেছেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক সরাসরি ও খোলামেলা হলেও দুজনের মধ্যে খুব বেশি বিশ্বাস ছিল না। ইসরাইলি প্রধানমন্ত্রীর রাজনৈতিক আচরণ ও তথ্য উপস্থাপনের ধরন নিয়েও উদ্বেগ ছিল তার।
স্মৃতিকথায় নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের বিষয়ে বাইডেন লিখেছেন, ‘আমাদের মধ্যে খুব বেশি আস্থা ছিল না। বিবির (নেতানিয়াহুর ডাকনাম) কিছু প্রবণতা নিয়েও আমি উদ্বিগ্ন ছিলাম, যেগুলোর সঙ্গে ট্রাম্পের আচরণের মিল রয়েছে। তথ্যের ক্ষেত্রে তিনি অত্যন্ত সুবিধাবাদী হতে পারতেন। নিজের ব্যক্তিগত স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করতেও তার দ্বিধা ছিল না।’
বাইডেনের ভাষ্য অনুযায়ী, নেতানিয়াহু ইসরাইলের দীর্ঘমেয়াদি স্বার্থের চেয়ে নিজের স্বল্পমেয়াদি রাজনৈতিক ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দিতেন।
গাজা যুদ্ধ নিয়ে বাইডেনের আক্ষেপ
স্মৃতিকথায় গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও নিজের অবস্থান তুলে ধরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই। তবে গাজায় বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির প্রাণহানি তাকে গভীরভাবে ব্যথিত করেছে।
বাইডেনের দাবি, যুদ্ধ শুরুর পর থেকেই তিনি বেসামরিক মানুষের প্রাণহানি কমাতে ইসরাইলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আসছিলেন। ব্যক্তিগত আলোচনায় নেতানিয়াহুকেও এ বিষয়ে একাধিকবার সতর্ক করেছিলেন তিনি।
বাইডেনের বর্ণনা অনুযায়ী, নেতানিয়াহু বেসামরিক মানুষের প্রাণহানির কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ভাবমূর্তি এবং যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি স্বীকার করতেন। কিন্তু প্রতিবারই আরো সতর্ক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর নতুন করে এমন সামরিক অভিযান চালানো হতো, যাতে আরো বেসামরিক মানুষ নিহত হতেন।
স্মৃতিকথায় বাইডেন লিখেছেন, নেতানিয়াহু প্রতিশ্রুতি দিতেন, কিন্তু বাস্তবে পরিস্থিতির পরিবর্তন হতো না। ইসরাইলি পক্ষের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বিভিন্ন ব্যাখ্যা বা অজুহাত তুলে ধরত।
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষে বাইডেন
স্মৃতিকথায় নিজের প্রেসিডেন্সির বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও আত্মপক্ষ সমর্থন করেছেন বাইডেন। বিশেষ করে ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে সঠিক বলে উল্লেখ করেছেন তিনি।
বাইডেন জানিয়েছেন, তখনকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি সেনা প্রত্যাহারের সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে তাকে আশ্বস্ত করা হয়েছিল, মার্কিন সেনারা চলে যাওয়ার পরও আফগান সরকার অন্তত ছয় মাস টিকে থাকতে পারবে।
বাস্তবে মার্কিন সেনা প্রত্যাহারের কয়েক দিনের মধ্যেই আফগান সরকারের পতন ঘটে। এত কিছুর পরও বাইডেন বলেছেন, একই পরিস্থিতিতে আবারও প্রেসিডেন্ট হলে তিনি সেনা প্রত্যাহারের সিদ্ধান্তই নিতেন।
এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়েও স্মৃতিকথায় নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন তিনি। পুতিনের আচরণকে তিনি খিটখিটে বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, জেলেনস্কির অভিনয়জীবনের অভিজ্ঞতা যুদ্ধকালীন নেতৃত্বের ক্ষেত্রে কাজে এসেছে বলে মন্তব্য করেছেন।
বাইডেনের স্মৃতিকথায় উঠে আসা এসব বক্তব্য তার এক মেয়াদের প্রেসিডেন্সি, মধ্যপ্রাচ্য নীতি এবং বিশ্বনেতাদের সঙ্গে সম্পর্কের নানা দিক নতুন করে আলোচনায় এনেছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য টাইমস অব ইসরায়েল ও এবিসি নিউজ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


