কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন

আলজাজিরা

কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন
ছবি: এএফপি

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির দাফন সম্পন্ন হয়েছে। ৭৪ বছর বয়সে মারা যাওয়া শেখ হামাদকে গতকাল রোববার দোহায় দাফন করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল রোববার সকালে তার মৃত্যুর খবর ঘোষণা করা হয়। একই দিনে সূর্যাস্তের পর মাগরিবের নামাজ শেষে রাজধানী দোহার ইমাম মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ঐতিহ্যবাহী কাতারি পোশাক পরিহিত শোকাহত মানুষ অংশ নেন। পরে তার ছেলে ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং পরিবারের অন্য সদস্যরা লাশ বহন করেন। এরপর দোহার উত্তরে অবস্থিত লুসাইল কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, জানাজা ও দাফন অত্যন্ত সাধারণ ও সাদামাটা ছিল। ইসলামী রীতি অনুযায়ী তাকে একটি সাধারণ কবরেই সমাহিত করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, শেখ হামাদ ব্যক্তিগত জীবনে বিলাসিতা থেকে দূরে থাকতেন। দেশের সম্পদ প্রদর্শনের চেয়ে তিনি জনগণের কল্যাণকে বেশি গুরুত্ব দিতেন।

১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হামাদ। তার শাসনামলে দেশের বিশাল প্রাকৃতিক গ্যাসসম্পদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর ফলে কাতারের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২৪ গুণেরও বেশি বৃদ্ধি পায়। ২০০৬ সালে কাতার বিশ্বের সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক দেশে পরিণত হয়।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...