মূল ইস্যুগুলোতে এখনো অনড় ইরান-যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মূল ইস্যুগুলোতে এখনো অনড় ইরান-যুক্তরাষ্ট্র
ছবি: আল-জাজিরা

চলমান সংকট নিরসনে আলোচনা চললেও প্রধান প্রধান ইস্যুগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অবস্থানের বড় ধরনের দূরত্ব এখনো রয়ে গেছে।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনে দেওয়া সর্বশেষ বক্তব্যে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী সাফ জানিয়েছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে কোনোভাবেই পিছিয়ে আসবে না।

বিজ্ঞাপন

বিষয়টি আলোচনার একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। কারণ মার্কিন পক্ষ তাদের প্রস্তাবে বলেছে, ইরানকে আগামী দুই দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে হবে।

ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, ২০ বছরের এই সময়সীমা অনেক বেশি দীর্ঘ।

একই সঙ্গে ইরান শর্ত দিয়েছে, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রকে গ্যারান্টি বা নিশ্চয়তা দিতে হবে। তবে মার্কিনরা এই শর্ত মানতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, বিষয়টি আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করছে।

হরমুজ প্রণালি নিয়েও দুই দেশের মধ্যে অচলাবস্থা কাটেনি। ইরান হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র বলেছে, অবরোধ তোলার আগে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি দিয়ে যান চলাচল পুরোপুরি উন্মুক্ত করতে হবে।

এ ছাড়া, যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করছে ইরান, যা মার্কিন পক্ষ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

ইরানের পক্ষ থেকে আরো দাবি করা হয়েছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোসহ সামগ্রিকভাবে এই অঞ্চল থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে পরমাণু কর্মসূচি, মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসবাদে অর্থায়নের অজুহাতে আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব দাবিতেও সম্মতি দেওয়া হয়নি।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন