ময়মনসিংহের ভালুকায় গরুবোঝাই একটি পিকআপ ভ্যানসহ তিনটি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১টার দিকে উপজেলার হাজিরবাজার এলাকার জিঞ্জিরার মাজার সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, ড্রাইভারসহ তারা তিনজন একটি পিকআপে করে তিনটি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে তাদের গাড়ির পেছনে একটি সাদা রঙের পিকআপ অনুসরণ করছিল। রাত ১টার দিকে হাজিরবাজার এলাকায় পৌঁছালে পেছনের পিকআপটি সামনে এসে তাদের গতিরোধ করে।
তিনি আরও জানান, এ সময় ৭ থেকে ৮ জনের একটি ছিনতাইকারী দল দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। ছিনতাইকারীরা গাড়ির কাঁচ ভেঙে চালক সাইফুল ইসলামকে জোরপূর্বক তাদের গাড়িতে তুলে নেয় এবং অন্যদের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে মারধর করে। এ সময় পিকআপের হেলপার সাগর কৌশলে পালিয়ে গিয়ে থানায় খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পিকআপসহ তিনটি গরু নিয়ে পালিয়ে যায়।
অপর গরু ব্যবসায়ী আব্দুস সামাদ জানান, সোমবার হালুয়াঘাট উপজেলার মুন্সিহাট বাজার থেকে তিনটি বড় আকারের গরু কেনা হয়। গরুগুলোর রং ছিল লাল, কালো ও কাজলা এবং মোট মূল্য প্রায় ৬ লাখ ১৬ হাজার টাকা। রাত ৯টার দিকে গরুগুলো ঢাকার দক্ষিণখানের উদ্দেশ্যে পাঠানো হয়। পরে রাত ১টার দিকে হাজিরবাজার এলাকায় পৌঁছালে পিকআপসহ গরুগুলো ছিনতাই হয়।
তিনি অভিযোগ করেন, থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে তা গ্রহণে বিলম্ব করা হলেও মঙ্গলবার দুপুর ১টার দিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “একটি গাড়ি আরেকটি গাড়িকে চাপ দিয়ে তিনটি গরুসহ পিকআপ নিয়ে গেছে। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনার তদন্ত ও অভিযানে কাজ করছে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

