মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বিশ্বাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করতে প্রস্তুত। শুক্রবার পুতিনের সাথে অনুষ্ঠেয় বৈঠকের আগের দিন তিনি একথা বলেন। তবে তার মতে, শান্তি চুক্তির জন্য সম্ভবত ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে আরেকটি বৈঠকের প্রয়োজন হবে। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার ফক্স নিউজ রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে আগ্রহী। পুতিনের সাথে তার সুসম্পর্কেনর কথাও তুলে ধরেন ট্রাম্প।
বলেন, ‘আমি মনে করি প্রেসিডেন্ট পুতিন শান্তি প্রতিষ্ঠা করতে ইচ্ছুক। আমি না হয়ে অন্য কেউ হলে হয়তো পুতিন এ বিষয়ে কথা বলতেন না।’
শুক্রবারের বৈঠক থেকে যুদ্ধবিরতির তাৎক্ষণিক সম্ভাবনা কম বলে মনে করেন ট্রাম্প এবং ইঙ্গিত দিয়েছেন আরেকটি বৈঠকের, যেখানে আরো নেতারা থাকবেন।
তিনি বলেন, ‘আমি মনে করি এটা ভালো একটি বৈঠক হবে, কিন্তু আরো গুরুত্বপূর্ণ হবে দ্বিতীয় বৈঠক। সেখানে থাকবেন প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট জেলেনস্কি, আমি, আর হয়তো কিছু ইউরোপীয় নেতা। নাও থাকতে পারেন। আমি এখনো জানি না।’
ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় বহুল প্রতীক্ষিত বৈঠক হতে যাচ্ছে। এবারের বৈঠকে ট্রাম্পের লক্ষ্য ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে নিজের গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করা।
এরআগে পুতিন তার শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, আলাস্কার অ্যাঙ্কোরেজে ট্রাম্পের সঙ্গে যে আলোচনা হতে যাচ্ছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধের সমাপ্তি করে পারে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



