অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অক্টোবর মাসে ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা। সেপ্টেম্বরে এ ধরনের হামলার সংখ্যা ছিল ২ হাজার ৫১টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে হামলার ঘটনা বেড়েছে ৫২ দশমিক ৮ শতাংশ।
ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশনের তথ্য অনুযায়ী, অক্টোবরের হামলাগুলোর মধ্যে ১ হাজার ৭৬৪টি চালিয়েছে ইসরাইলি সেনারা। অন্যদিকে, ১ হাজার ৩৬৯টি হামলা চালিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা।
কমিশন জানায়, সেপ্টেম্বরে বসতি স্থাপনকারীদের হামলার সংখ্যা ছিল ৬৪৭টি। অক্টোবরে তা দ্বিগুণেরও বেশি বেড়েছে। অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের মৌসুমকে কেন্দ্র করে এসব হামলার ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে ইসরাইলি সেনাদের উপস্থিতিতে কিংবা তাদের অংশগ্রহণে বসতি স্থাপনকারীরা এসব হামলা চালিয়েছে।
অঞ্চলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে রামাল্লা ও আল-বিরেহ এলাকায়। সেখানে ৭০৪টি হামলা হয়েছে। এ ছাড়া নাবলুসে ৬৩৬টি, হেবরনে ৫৬৮টি, জেনিনে ২২৪টি, পূর্ব জেরুজালেমে ২১৯টি, সালফিতে ২১৭টি এবং বেথলেহেমে ১৯৮টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে কমিশন।
সূত্র: আলজাজিরা
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


